আড়াইহাজারে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের পাশে মেঘনা নদীতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের পাশে মেঘনা নদীতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রত্যন্ত কদমীরচর এলাকায় মেঘনা নদী থেকে ড্রেজার (খননযন্ত্র) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে পাঁচ মাস ধরে ওই বালু তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে কদমীরচর ও বিবিরকান্দি গ্রাম মেঘনার ভাঙনের মুখে পড়েছে বলে জানান এলাকাবাসী।
আড়াইহাজার উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় চারটি বালুমহাল আছে। নিজ কালাপাহাড়িয়া মৌজার ডিকচরে ১৫ হেক্টর, বিষনন্দী ইউনিয়নের শম্ভুপুর মৌজার শম্ভুপুরে ২০ হেক্টর, ডেঙ্গুকান্দিতে ২০ হেক্টর ও কমলাপুরে ৩০ হেক্টর এলাকাজুড়ে বালুমহাল রয়েছে। এ বছরের জন্য ডিকচর বালুমহালের ইজারা নেন কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। শম্ভুপুর বালুমহালের ইজারা নেন সোনারগাঁ উপজেলার নান্নু মিয়া। অন্য দুটি বালুমহালের কোনো ইজারা হয়নি।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, মেঘনা নদী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর, পূর্বকান্দি, বদলপুর, মধ্যেরচর ও বিবিরকান্দিসংলগ্ন মেঘনা নদীতে তিনটি স্থানে ১০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন শ্রমিকেরা। কদমীরচর, বিবিরকান্দি গ্রাম ও সাহেববাজারসংলগ্ন উত্তর-পূর্ব পাশে মেঘনা নদীর দুই জায়গায় আটটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। ২০-২৫ট+ি বাল্কহেড বালু নেওয়ার জন্য অপেক্ষা করছে। এসব এলাকা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে পূর্বকান্দি গ্রামের এক বাসিন্দা অভিযোগ করেন, চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চক্র কদমীরচর, পূর্বকান্দি, বদলপুর, মধ্যেরচর ও বিবিরকান্দিসংলগ্ন মেঘনা নদী থেকে বালু তুলছে।
অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, ‘আমি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। যারা বালু তোলে তাদের সঙ্গে কথা বলেন।’
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (কালাপাহাড়িয়া ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জানে আলম বলেন, তিনি শুনেছেন কদমীরচর ও বিবিরকান্দি এলাকায় স্থানীয় কিছু ব্যক্তি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে।
আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হক বলেন, কদমীরচর, পূর্বকান্দি, বদলপুর, মধ্যেরচর ও বিবিরকান্দিসংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলনে কোনো বৈধতা নেই। কারও বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।