আড়াইহাজারে শিকলে বাঁধা শ্রমিক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ঢালাই কারখানায় এক শ্রমিককে আড়াই মাস ধরে পায়ে ও কোমরে শিকল বেঁধে আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলার শিবপুরে অবস্থিত সোহেলের লোহার যন্ত্রাংশ তৈরির ঢালাই কারখানায় অবৈধ চোরাই গ্যাসলাইনবিরোধী অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত শিকলে বাঁধা অবস্থায় শ্রমিক আনোয়ার হোসেনকে (২৫) উদ্ধার করেন। এ ঘটনায় ওই কারখানার ব্যবস্থাপকসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিক আনোয়ার হোসেন বগুড়া সদর থানার কর্ণপুর দক্ষিণপাড়ার আ. মজিদের ছেলে।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, গতকাল বিকেলে নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার শিবপুরের ওই ঢালাই কারখানায় অবৈধ গ্যাস-সংযোগবিরোধী অভিযান চালান। অভিযানকালে তাঁরা সেখানে শ্রমিক আনোয়ারকে পায়ে ও কোমরে লোহার শিকল বাঁধা দেখতে পান। তাঁরা আনোয়ারকে বন্দিদশা থেকে উদ্ধার এবং কারখানার ব্যবস্থাপক মুন্নু (৪৫), বিল্লাল (২৫) ও মনিরকে (২০) আটক করেন। কারখানার মালিক সোহেল পালিয়ে যান।
মুক্ত হওয়ার পর আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালতকে জানান, ছয় মাস আগে তিনি এই কারখানায় চাকরি নেন। ওই সময় তিনি কারখানার মালিক সোহেলের কাছ থেকে অগ্রিম ৩০ হাজার টাকা নেন। তিনি এই টাকা না দিয়ে পালিয়ে যেতে পারেন—এই আশঙ্কায় দুই মাস ধরে তাঁর ওপর নির্যাতন চালিয়ে তাঁর পায়ে ও কোমরে লোহার শিকল বেঁধে তালাবন্ধ করে কারখানায় আটকে রেখে কাজ করানো হয়। তাঁর শরীর থেকে একটি মুহূর্তের জন্যও শিকল খোলা হয়নি। এর আগে তাঁকে তিন দিন কারখানার শৌচাগারে পায়ে ও কোমরে লোহার শিকল বেঁধে আটকে রাখা হয়েছিল বলে আনোয়ার ভ্রাম্যমাণ আদালতকে জানান।