নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল বুধবার আরিফ নামের দুই বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে আরিফের চাচা সাদেক পলাতক রয়েছেন। একই দিন নরসিংদীর পলাশে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরিফ উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুকান্দি এলাকার নাঈম মিয়ার ছেলে।
আরিফের মা শাহীতুন বেগম জানান, তাঁর স্বামী নাঈম মালয়েশিয়া থাকেন। কয়েক দিন ধরে তাঁর দেবর সাদেক তাঁকে কুপ্রস্তাব দেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হচ্ছে। সকাল ১০টার দিকে আরিফকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন তাঁর শাশুড়ি হাজেরা বেগম। পরে সাদেক আরিফকে কোলে নিয়ে খেলা করেন। দুপুরে প্রতিবেশী রাজমিস্ত্রি সিদ্দিকের বাড়িতে আরিফের গলাকাটা লাশ পাওয়া যায়।
পলাশ থানার পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার ভিরিন্দা এলাকার লোকজন শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে ওই নারীর লাশ উদ্ধার করে।