আতঙ্ক ছড়াচ্ছেন আ.লীগ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সবুর ও তাঁর কর্মী-সমর্থকেরা এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন। দলের বিদ্রোহী প্রার্থী মো. হাসানুজ্জামান ওরফে রিয়াদ গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে হাসানুজ্জামান বলেন, আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পাননি। স্থানীয় জনগণের চাপের মুখে তাঁকে (হাসানুজ্জামান) বিদ্রোহী হতে হয়েছে। এলাকায় তাঁর অবস্থা খুব ভালো হওয়ায় ও আওয়ামী লীগের প্রার্থীর ভরাডুবির আশঙ্কায় তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানাভাবে ভয়ভীতি, হামলা, হুমকি দেওয়া হচ্ছে। গত মঙ্গলবার রাতে তাঁর নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে চার কর্মীকে গুরুতর আহত করেন। নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে হামলা করে ছয়টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। গত বুধবার নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সবুরের নেতৃত্বে এলাকায় লগি-বইঠা নিয়ে মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। এসব বিষয়ে থানায় অভিযোগ করলে উল্টো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে নীরবে বসে থাকতে বলেছেন। আব্দুস সবুর সন্ত্রাসী বাহিনীকে দিয়ে তাঁকে এলাকায় নির্বাচনী প্রচারণায় বের হতে দিচ্ছেন না। তাঁকে কালিনগরের বাড়িতে অবরোধ করে রাখা হয়, যাতে নির্বাচনী প্রচারণা বা কোথাও অভিযোগ দিতে না পারেন তিনি। এমনকি প্রতিনিয়ত আওয়ামী লীগের সমর্থকেরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে প্রশাসন, নির্বাচনী কর্মকর্তাদের লিখিত ও মৌখিকভাবে জানালেও তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাই রাতের আঁধারে পালিয়ে শেরপুর এসে তিনি জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন।
হাসানুজ্জামান অভিযোগ করেন, ‘এক ভোট পেলেও পাস’—এমন প্রচারণা ছড়িয়ে আব্দুস সবুর ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন।
আব্দুস সবুর বলেন, ‘এক ভোট নিয়ে পাস হলে সকাল-সন্ধ্যা মাঠে কাজ করতাম না। এটা ভিত্তিহীন কথা। তাঁকে (হাসানুজ্জামান) অবরোধ করে রাখার ঘটনা বানোয়াট। আমার কোনো কর্মী-সমর্থক তাঁকে বা তাঁর কোনো কর্মীকে মারধর করেনি। বরং তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।’
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। বরং আমার বাড়ি ওই ইউনিয়নে। সেখানে আমার বাড়ির সামনের নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এসব বিষয়ে প্রশাসনের কাছে প্রমাণ রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফসিহুর রহমান বলেন, হাসানুজ্জামানের অভিযোগ সত্য নয়। বাঘবেড় ইউনিয়নের ঘটনায় দুই পক্ষ থেকে দুটি অভিযোগ দেওয়া হয়েছে। দুটি মামলা লিপিবদ্ধও (রেকর্ড) করা হয়েছে। ঘটনার পর বুধবার দিনভর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ইউনিয়নে টহল দিয়েছে।