আতঙ্ক ছড়ানোর অভিযোগ আ.লীগ প্রার্থীদের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বিএনপির তিনজন চেয়ারম্যান প্রার্থী ও দুজন স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভীতি সৃষ্টির জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকেরা প্রতিদিন মোটরসাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও কারচুপির পাঁয়তারা করছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
কদমতলা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুস ছালাম সেখ অভিযোগ করেন, তাঁর সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। তাঁর সমর্থক ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ভোটারদের বলা হচ্ছে, ভোটকেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল দিতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে প্রতিদিন দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দিচ্ছেন।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. হানিফ খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিছিল করছেন। মোটরসাইকেলে শোভাযাত্রা করছেন। আমি যদি চাইতাম তাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মিছিল-সমাবেশ করতে পারতেন না।’
টোনা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে রাতে বাড়ি বাড়ি গিয়ে আমার সমর্থকদের ভয় দেখাচ্ছে।’ হেমায়েত হোসেন তালুকদার বলেন, ‘আমার সমর্থকদের বিরুদ্ধে করা অভিযোগগুলো ভিত্তিহীন।’
পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’