দুই বছরে নিহত ৫৭ জন, ২৪ জন গুলিবিদ্ধ, পা কেটে ফেলতে হয়েছে দুজনের
আতঙ্ক পিছু ছাড়ছে না সাতক্ষীরার মানুষের

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম তাঁর একমাত্র ছেলে নাইমুল ইসলামকে নিরাপদে রাখতে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। ঢাকায় পাঠানোর কারণ ব্যাখ্যা করে সাইফুল বললেন, ‘ছেলের বয়স ৩০ বছর। কখন কার সঙ্গে দেখে ওকেও পুলিশ ধরে নিয়ে যাবে। তারপর দেখা যাবে পায়ে গুলি খেয়ে পড়ে আছে।’
সাইফুল ইসলাম বললেন, ‘২০১৩ সাল থেকে এক বছরেরও বেশি সময় ধরে জামায়াত-শিবিরের নাশকতার আতঙ্কে ভুগেছি। এখনো আতঙ্কে ভুগছি। আতঙ্ক এই জেলার মানুষের পিছু ছাড়ছে না।’
সাতক্ষীরার বিভিন্ন পেশার মানুষের মতে, একদিকে হরতাল-অবরোধের নাশকতার আশঙ্কা, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে পুলিশের অভিযানও ভীতি তৈরি করেছে। রাজনীতিবিদেরা তো এলাকায় থাকছেন না। গ্রেপ্তার-আতঙ্কে কেউ কেউ অন্য বাড়িতে রাত কাটাচ্ছেন।
৬ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ধরনে পরিবর্তন এসেছে। এখন ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারে’ নিহত হওয়ার চেয়ে পায়ে গুলিবিদ্ধ হচ্ছে বেশি। জেলার রাজনীতিবিদ ও সাধারণ মানুষের কাছে এটি নতুন আতঙ্কে পরিণত হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তিদের বেশির ভাগই বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত। অবশ্য কয়েকজনের বিরুদ্ধে মাদক চোরাচালান ও ডাকাতির অভিযোগ আছে।
রাজনৈতিক কারণে নাশকতা ও সহিংসতা এবং পরবর্তীকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ঘটনায় গত দুই বছরে সাতক্ষীরা জেলায় ৫৭ জন খুন হয়েছেন, গুম হয়েছেন পাঁচজন। আর সাম্প্রতিক সময়ে পুলিশি অভিযানে পায়ে গুলিবিদ্ধ হন ২৪ জন। অবরোধ-হরতালের মধ্যে গত আড়াই মাসে অভিযানে একজন নিহত এবং নয়জনের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনের পা কেটে ফেলতে হয়েছে। বাকিদের পক্ষেও স্বাভাবিক চলাচল সম্ভব হবে না।
তালা উপজেলার একটি স্কুলের শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, সাতক্ষীরার মানুষের কপাল খারাপ। ২০১৩ সালে জামায়াত-শিবির হামলা করেছিল। এরপর পুলিশ তাদের দমন করেছে। এখন আবার পুলিশের অভিযানের কারণে একেবারে সাধারণ মানুষও ভয়ে থাকে। কখন কাকে আটক করবে, তার ঠিক নেই।
সাতক্ষীরায় প্রতিদিনই গড়ে ৪০ থেকে ৫০ জন আটক হচ্ছেন। এর মধ্যে রাজনীতির কারণে আটক হচ্ছেন ৮ থেকে ১০ জন। বাকিরা অন্যান্য কারণে। সাতক্ষীরায় তিন শর বেশি মামলা আছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি কয়েক হাজার। ফলে গ্রেপ্তার যে কাউকে কোনো একটি মামলায় আসামি করা হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলার শহিদুল নামে এক ব্যক্তি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ চলাকালে পায়ে গুলিবিদ্ধ হন। শহিদুল বিএনপির কর্মী বলে দলটি দাবি করেছে। তবে দল বা অঙ্গসংগঠনের শহিদুলের কোনো পদ ছিল না। তাঁর দুই পায়ের অবস্থাই খারাপ। কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মজিদ পায়ে গুলিবিদ্ধ হন। তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়েছে। ফারুক হোসেন নামে অপর এক ব্যক্তির পা গুলিবিদ্ধ হওয়ার কারণে কাটা পড়েছে।
কলারোয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ার বেগম প্রথম আলোর সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। ভয়-আতঙ্ক নিয়ে চলতে ভালো লাগে না। সন্তানেরা ঘরের বাইরে থাকলে নানা দুশ্চিন্তা মাথায় ঘোরে। দুই বছর ধরে এই জেলার মানুষ স্বাভাবিক অবস্থার মধ্যে নেই।’
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবির প্রথম আলোকে বলেন, সাতক্ষীরা অনেকটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে শান্ত পরিস্থিতি ফিরিয়ে আনা হয়েছে। যৌথ বাহিনীর অভিযান হয়েছে। তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে অনেক সন্ত্রাসীই মারা পড়েছে। সম্প্রতি অনেকে গুলিবিদ্ধ হয়েছে। এরাও অস্ত্রধারী ছিল। রাজনৈতিক বিবেচনায় হত্যা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। দল দেখে অভিযান করা হচ্ছে না। তা ছাড়া মাদক বিক্রেতা, চোরাকারবারি ও ডাকাতদের বিরুদ্ধে অনেকগুলো অভিযান হয়েছে।’ তিনি স্বীকার করেন, পুলিশের বাড়ি বাড়ি তল্লাশি ও টহলের কারণে সব ধরনের সন্ত্রাসীরাই এখন বাড়ি ছাড়া। এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।