খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দীন ওরফে মিঠু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটক রকিবুল ইসলাম ও ইমরুল শেখকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিঠুর পরিবার বলছে, মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।
হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার বিকেলে ফুলতলা থানায় মামলা করেন মিঠুর ছোট ভাই রাজ সরদার। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়। তবে এজাহারের এক অংশে উল্লেখ করা হয়, মিঠুর বাবা সরদার আবুল কাশেম ও বড় ভাই আবু সাঈদ বাদল হত্যার সঙ্গে যারা জড়িত, তারাই মূলত এ হত্যারকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলতলার দামোদর নতুন হাট এলাকায় নিজ বাড়ির সামনের ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সরদার আলাউদ্দীন ওরফে মিঠু ও তাঁর দেহরক্ষী নওশের গাজী।
ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকাকালে ১৯৯৮ সালের আগস্ট মাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মিঠুর বাবা সরদার আবুল কাশেম। এরপর বড় ভাই ১২ বছর ওই ইউপির চেয়ারম্যান ছিলেন। ২০১০ সালের আগস্ট মাসে তাঁকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ফুলতলা উপজেলার চেয়ারম্যান ছিলেন মিঠু। ওই সময়ের মধ্যেও দুবার তাঁর ওপর সন্ত্রাসী হামলা হয়।
মিঠুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কাশেম হত্যায় ওই এলাকার চরমপন্থী নেতা হিসেবে পরিচিত শিমুল ভূঁইয়া, তাঁর ভাই শিপলু ভূঁইয়া ও মোমিনুল ভূঁইয়াসহ ওই পরিবারের আরও কয়েকজনের নামে মামলা হয়। শিমুল, শিপলু ও মোমিনুলের যাবজ্জীবন সাজা হয়। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন আছে।
বাদল মারা যাওয়ার পর ওই ইউপির চেয়ারম্যান ছিলেন বাদলের স্ত্রী জাকিয়া হাসিন বীণা। ২০১৬ সালের নির্বাচনে তিনি শিপলু ভূঁইয়ার কাছে পরাজিত হন।
মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় শঙ্কার মধ্যে রয়েছেন মিঠুর পরিবারের সদস্যরা। মিঠুর মেজ ভাই মো. সেলিম সরদার বলেন, তাঁরা বাইরে যেতে ভয় পাচ্ছেন। ইতিমধ্যে মামলা তুলে নিতে হুমকিও দেওয়া হয়েছে। অজ্ঞাত আসামি করায় এত কিছু হচ্ছে। আর নাম দেওয়া হলে এলাকায় থাকা কঠিন হয়ে পড়ত। তিনি দাবি করেন, পরিবারের নিরাপত্তায় বাড়ির সামনে পাহারা দেওয়ার জন্য পুলিশের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মিঠু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান মুন্সি বলেন, আগে আটক করা দুজনকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খুলনা জেলা পুলিশ সুপার নিজাম উদ্দীন মোল্লা বলেন, যেহেতু মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে, এ কারণে আসামি ধরতে সমস্যা হচ্ছে। তবে মামলার এজাহারে বাবা ও ভাইয়ের খুনিদের ব্যাপারে যে তথ্য দেওয়া হয়েছে, সেটি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মিঠু ও তাঁর দেহরক্ষী নওশের গাজী হত্যা মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। মিঠু হত্যার প্রতিবাদে বিএনপি ঘোষিত চার দিনের কর্মসূচির তৃতীয় দিনে গতকাল রোববার খুলনা নগরের কে ডি ঘোষ রোডের বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় এই অভিযোগ করা হয়। জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।