
আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসায় থাকছে না দিয়াজ ইরফান চৌধুরীর পরিবার। দিয়াজের মা, ভাইবোনেরা দুই সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রাম শহরে থাকছেন। নিরাপত্তাহীনতার বিষয়টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। দিয়াজ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক ছিলেন।
দিয়াজের বড় বোন আইনজীবী জুবাঈদা ছরওয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, বিজয় দিবসের দিন ক্যাম্পাসে দিয়াজের কবরে ফুল দিতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা তাঁদের দেখে স্লোগান দেয়। তিনি বলেন, ‘আমরা যখনই ক্যাম্পাসে যাই, টিপু তাঁর অনুসারীদের নিয়ে শোডাউন দেয়। মামলার আসামিরা বাইরে থাকায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামিদের গ্রেপ্তার করা হলে আতঙ্ক কমত।’
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, দিয়াজের পরিবার নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় জিডি করেছিল। এরপর থেকে দিয়াজের বাসায় পুলিশের তিনজন সদস্য নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে।
জুবাঈদা ছরওয়ার বলেন, ‘তিন পুলিশ সদস্য রাতে বাসায় পাহারা দেয়। আমার মা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। ভাইবোন ক্যাম্পাসের বাসায় থাকে। তারা শহর থেকে ক্যাম্পাসের বাসায় গেলে আলমগীর টিপুর অনুসারীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। তখন তো পুলিশের সাহায্য পাওয়া যায় না।’
এদিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ দল ২৬ ডিসেম্বরের পর চট্টগ্রামে আসবে বলে দিয়াজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান। তিনি বলেন, বিশেষজ্ঞ দল আলামত সংগ্রহের সময় উপস্থিত সাক্ষী, প্রথম ময়নাতদন্ত করা চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকদের সঙ্গে কথা বলবে। তারা দিয়াজের বাসায়ও (যেখান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে) যাবে। এরপর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজের মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’। পরে আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ দল জানায়, মরদেহে ‘আঘাতের চিহ্ন’ রয়েছে।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে।
দিয়াজকে খুন করা হয়েছে এমন অভিযোগ এনে তাঁর মা জাহেদা আমিন চৌধুরী ২৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (২৮ নভেম্বর পদত্যাগ করেছেন) আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক ১০ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন।
মো. অহিদুর রহমান বলেন, ‘১০ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার ওপর নির্ভর করছে। প্রতিবেদনে আঘাতজনিত খুনের বিষয়টি উল্লেখ থাকলে আমরা আসামিদের গ্রেপ্তার করব।’