রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি হাসপাতাল জোন বি-টাইপ কোয়ার্টারের ফটকের সামনের সড়কে মোটরসাইকেলের মহড়া বন্ধ হয়েছে। তবে মোটরসাইকেল আরোহীর বখাটেপনায় প্রাণ হারানো রুনা আক্তারের পরিবার আছে আতঙ্কে। মামলা তুলে নিতে হুমকির মুখে দিশেহারা ওই পরিবার।
১৬ অক্টোবর সন্ধ্যায় কলোনির ফটকের সামনের সড়কের বিভাজকে দাঁড়ানো গণপূর্ত বিভাগের হিসাব সহকারী (সেগুনবাগিচা, মেডিকেল বিভাগ) রুনা আক্তার মোটরসাইকেল আরোহীর বখাটেপনায় প্রাণ হারান। তিনি ও তাঁর ছোট বোন তানিয়া আক্তার সড়ক বিভাজকে রিকশার জন্য অপেক্ষার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের (ঢাকা মেট্রো ল-২৭-২২৩৫) আরোহী আল আমিনের (১৯) পেছনে বসা একজন রুনার ওড়না ধরে টান দেয়। এতে রুনা মোটরসাইকেলের ওপর পড়ে যান। ওই অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে অনেক দূর নিয়ে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে ফেলে দেওয়া হয়। রুনার দুই পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যায়। পরে এলাকাবাসী ও পুলিশ এসে আল আমিনকে ধরে ফেলে। তবে তাঁর পেছনে বসা আরোহী পালিয়ে যায়। রুনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে। আল আমিন কারাগারে আছেন। তবে তাঁর সঙ্গে থাকা তরুণ গ্রেপ্তার হয়নি।
রুনার পরিবার অভিযোগ করেছে, মামলা তুলে নিতে আসামির সাঙ্গপাঙ্গদের হুমকিতে তারা আতঙ্কে আছে। রুনার বাবা মোহাম্মদ সোবহান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সারাক্ষণ তো আর ঘরে বসে থাকা যায় না। বাইরে বের হইলে সরাসরি কেউ কিছু বলে না। কিন্তু ইয়াং ছেলেরা আমারে শুনাইয়্যা শুনাইয়্যা নিজেরা বলাবলি করে, এক মেয়ে তো গেছে। ছোট মেয়ে আছে, তারেও হোন্ডা দিয়া উড়াইয়া দিবে। মিডিয়ার কাছে যেন বেশি বাড়াবাড়ি না করি।’
রুনার বোন ও প্রত্যক্ষদর্শী তানিয়া আক্তার বলেন, ‘বাবা বাইরে ওই সব কথা শুনে দৌড়ে বাসায় আসেন। দেখেন, আমি বাসায় আছি কি না। বাসায় আমাকে দেখে একটু শান্ত হন।’
মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ২০ অক্টোবর রুনার স্বামী ও মামলার বাদী লুৎফর রহমান মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়, অজ্ঞাতনামা চারজন লোক ১৯ অক্টোবর দুপুরে বাসায় গিয়ে তাঁদের গালাগাল করে ও মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়।
পুলিশ গতকাল নিহত রুনা আক্তারের বাসায় যায়। তানিয়া বলেন, ‘একজন পুলিশ সদস্য এসে ফোন নম্বর দিয়ে গেছেন। রাস্তায় কিছু হলে তাঁকে ফোন দিতে বলেছেন। ফোন দিলাম, তিনি আসতে আসতে অপরাধীরা যা করার তা তো করেই ফেলবে।’ তিনি বলেন, ‘একটি টেলিভিশনের সাংবাদিককে ঘটনাস্থল দেখানোর জন্য ওই জায়গায় গেলে হঠাৎ এক ছেলে এসে মুঠোফোনে আমার ছবি তুলে দ্রুত চলে যায়। তারপর থেকে ভয় আরও বেড়ে গেছে। আমি বিবিএ শেষ বর্ষে পড়ছি। বাইরে যাওয়াটা জরুরি। কিন্তু কত দিন এভাবে ভয়ে ঘরে বসে থাকব, বুঝতে পারছি না।’
গতকাল সন্ধ্যায় রুনা আক্তারের বাসায় গিয়ে দেখা যায়, তাঁর ২২ মাস বয়সী মেয়ে লাবিবা কোলবালিশ বুকে নিয়ে ঘুমাচ্ছে। পরিবারের সদস্যরা বললেন, ঘুম ভাঙলেই সে মাকে খুঁজবে। ও তো আর জানে না বেপরোয়া মোটরসাইকেলের দুই আরোহীর বখাটেপনা কেড়ে নিয়েছে তার মায়ের প্রাণ।
কলোনির ফটকের কাছে একটি পূজামণ্ডপ থাকায় সামনের রাস্তায় পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এলাকাবাসী বললেন, রুনার ঘটনার পর থেকে মোটরসাইকেলের মহড়া থেমেছে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে কেউ রাজি হলেন না। কেউ কেউ বললেন, তাঁরা অন্য এলাকার। কেউ কেউ বললেন, ঘটনার দিন তাঁরা এলাকায় ছিলেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘আমরা জানি রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় পাওয়া ও বড়লোকের বখে যাওয়া ছেলেরাই মহড়া করত। তবে আমরা কথা বলে বিপদে পড়তে চাই না। আপনারাই খুঁজে বের করেন।’
আল আমিনের বাসা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগে। ঘটনাস্থল পড়েছে ১০ নম্বর ওয়ার্ডে।
মোটরসাইকেলের মহড়ার বিষয়ে জানতে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এলাকায় মোটরবাইকের মহড়ার কথা আগে জানা ছিল না। মেয়েটি যেদিন মারা যান, সেদিন আমি এলাকায় ছিলাম না। তবে পরে তাঁর জানাজায় অংশ নিয়েছি। তাঁর বাবার সঙ্গে কথা বলেছি। সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসের দায়িত্বে যিনি আছেন তাঁর সঙ্গে কথা বলেছি, যাতে মোটরবাইকের মহড়া বন্ধ করা যায়। আর বেপরোয়াভাবে মোটরবাইক চালানো ছেলেদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না।’
রুনার মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা পূজার ছুটিতে আছেন। তাঁর মুঠোফোনটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী গত মঙ্গলবার বলেছিলেন, ‘ঘটনা দেখে মনে হচ্ছে এটি দুর্ঘটনা। এতে বখাটেপনা বা অন্য কিছু নেই।’