আতঙ্কে শিশু পরাগের পরিবার
স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির গত বৃহস্পতিবার ঢাকা আদালতের হাজতখানা থেকে পলায়নের পর পরাগের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। ২০১২ সালের ১১ নভেম্বর পরাগ অপহরণ ঘটনার পরদিন থেকে আদালতের নির্দেশে তাদের পরিবারের নিরাপত্তার জন্য বাড়িতে পুলিশ প্রহরা রয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় ব্যবসায়ী পরাগের বাবা বিমল মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান ফটকের কাছে দুই পুলিশ সদস্য অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন। দ্বিতল ভবনের নিচতলার বারান্দায় পরাগ, বোন পিনাকী ও পিয়ালী খেলা করছে। অপরিচিত লোকজন দেখামাত্রই পরাগ দৌড়ে ঘরে ঢুকে যায়। পরাগের মা লিপি মণ্ডল বলেন, অচেনা লোকজন দেখলেই পরাগ আতঙ্কে ঘরের ভেতরে চলে আসে।
পরাগ মণ্ডলের দাদি ও মামলার বাদী সাবিত্রী মণ্ডল বলেন, ‘মামলার আসামিরা একের পর এক আদালত থেকে ছাড়া পাচ্ছে। এর মধ্যে গত বৃহস্পতিবার প্রধান আসামি ল্যাংড়া আমির হাজত থেকে পালিয়ে গেল। এতে আমরা ভয়ে ও আতঙ্কে আছি। এরা আবার কখন কী করে বসে কে জানে। মামলার তিন বছরের বেশি অতিবাহিত হলো। কিন্তু আজ পর্যন্ত আসামিদের বিচার হচ্ছে না।’
পরাগের মা লিপি মণ্ডল বলেন, ‘পরাগ অপহরণ ঘটনার পর থেকে বাসায় পুলিশ প্রহরা থাকলেও সব সময় আতঙ্কে থাকি।’