আতাইকুলায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানায় একটি আমবাগানে শুয়ে থাকার সময় গতকাল মঙ্গলবার দুপুরে ইব্রাহীম হোসেন (৩৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, ইব্রাহীম নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল-জনযুদ্ধের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ভায়নাপাড়া গ্রামেরই বাসিন্দা ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরমের হাত থেকে রেহাই পেতে ইব্রাহীম তাঁর বাড়িসংলগ্ন একটি আমবাগানে মাদুর পেতে শুয়ে ছিলেন। দুপুর ১২টার দিকে সাত থেকে আটজনের একদল দুর্বৃত্ত বাগানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আতাইকুলা থানা-পুলিশ বিকেল চারটার দিকে লাশ উদ্ধার করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ইব্রাহীম চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল-জনযুদ্ধের নেতা ছিলেন। চরমপন্থীদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি।

বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।