আতাইকুলায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামে শাকিল আকতার (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের একটি জঙ্গলে তার লাশ পাওয়া যায়। শাকিল ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে আতাইকুলা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
পরিবারের দাবি, গত শুক্রবার রাতে শাকিলকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রেমঘটিত বিরোধের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলদের বাড়ির ১০০ গজ দূরে একটি জঙ্গলে তার লাশ পড়ে ছিল। বেলা একটার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে শাকিলের পরিবার ও পুলিশকে জানান। শাকিলের শরীরে, চোখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
শাকিলের বাবা বেলাল হোসেন জানান, শুক্রবার রাত আটটার দিকে শাকিল বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিল। এ সময় তার মুঠোফোনে একটি কল আসে। সে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে শাকিলের মুঠোফোন থেকে তাঁর কাছে একটি কল আসে। কলদাতা শাকিলকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুক্তির জন্য পাঁচ লাখ টাকা দাবি করে এবং বিষয়টি কাউকে না জানিয়ে টাকা নিয়ে মধুপুর বাজারে যেতে বলে। তিনি টাকা নিয়ে মধুপুর বাজারে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। কিন্তু কারও খোঁজ পাননি। ফোনকলটি আসার পর থেকে তিনি শাকিলের নম্বরটিও বন্ধ পান। এরপর সকালে বিভিন্ন জায়গায় ছেলের খোঁজ করতে থাকেন। দুপুরে শাকিলের লাশ উদ্ধারের খবর পান।
শাকিলের এক প্রতিবেশী ও তিন সহপাঠী জানায়, স্কুলের একটি মেয়ের সঙ্গে সম্প্রতি শাকিলের বন্ধুত্ব হয়েছিল। কিন্তু মেয়েটিকে অন্য একটি ছেলে পছন্দ করত। ফলে মেয়েটিকে কেন্দ্র করে ওই ছেলের সঙ্গে শাকিলের বিরোধ সৃষ্টি হয়। তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে। এ ঘটনার জের ধরেও হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে প্রেমঘটিত বিরোধে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে আমরা অনেকটাই নিশ্চিত হয়েছি। মুক্তিপণ চাওয়াটা হত্যাকারীদের কোনো সাজানো নাটক হতে পারে। আমরা হত্যার কারণ উদ্ঘাটনে বিস্তর তদন্ত করছি। ঘটনায় নিহত শাকিলের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হবে বলে জানানো হয়েছে। তবে বিকেল পর্যন্ত মামলাটি হয়নি।’