আতিয়া মহলে ঢুকেছে বোমা নিষ্ক্রিয়করণ দল
সিলেটের আতিয়া মহলটি বিস্ফোরকমুক্ত করতে অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বোমা-বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা বাড়িটিতে প্রবেশ করেছেন। আজ সোমবার বেলা সোয়া একটায় সদস্যরা আতিয়া মহলে প্রবেশ করেন। এর আগে সকাল সাড়ে আটটার দিকে তাঁরা শিববাড়ি এলাকায় অবস্থান নিয়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, বাড়িটি বিস্ফোরকমুক্ত করতে র্যাবের সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করেছেন। আর বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুরসংখ্যক সদস্য ও দমকল বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুলিশ জানিয়েছে, ছয় দিন আগে গত মঙ্গলবার সেনাবাহিনীর জঙ্গিবিরোধী অভিযান শেষ হওয়ার পর বাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে সেটি বিস্ফোরকমুক্ত করা হয়নি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা প্রথম আলোকে বলেন, ‘র্যাবের বোমা-বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সকালে অবস্থান নিয়ে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে। পরে দুপুর সোয়া একটার দিকে তারা ভবনে প্রবেশ করে। তারা বাড়িটিকে নিরাপদ ঘোষণা করার পরই পুলিশ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’
প্রসঙ্গত, ভবনের ভেতরে নিহত চার জঙ্গির মধ্যে দুজনের ছিন্নবিচ্ছিন্ন লাশ পড়ে রয়েছে বলে সেনাবাহিনী অভিযান শেষে জানিয়েছিল।
জঙ্গি আস্তানা সন্দেহে গত ২৩ মার্চ দিবাগত রাত আড়াইটায় সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামের পাঁচতলা এই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরদিন ২৪ মার্চ ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট গিয়ে অভিযানে অংশ নেয়। ২৫ মার্চ সকাল থেকে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও বিশেষায়িত কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। অভিযানে দুই দফা বিস্ফোরণে র্যাবের গোয়েন্দাপ্রধান, দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হন। আহত হন ৪৪ জন। ১১১ ঘণ্টা পর গত মঙ্গলবার সেনাবাহিনী সফলভাবে অভিযান শেষ করে। তার আগে বাড়িটির ২৮টি ফ্ল্যাটে আটকা পড়া ৭৮ জন নারী, পুরুষ ও শিশুকে নিরাপদে বের করে আনেন সেনা কমান্ডোর সদস্যরা।