আতিয়া মহলের চারদিকের সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলের চারদিকে প্রায় এক কিলোমিটার এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে শিববাড়ি এলাকা অবস্থিত। সিলেট নগরের হুমায়ূন রশিদ চত্বর থেকে এই সড়কটি শুরু হয়েছে।

হুমায়ূন রশীদ চত্বর ও লালমাটিয়া এলাকায় ব্যারিকেড দিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বন্ধ করে দেওয়া অংশে কয়েকটি শাখা সড়ক আছে। এই শাখা সড়কগুলোর মুখও বন্ধ করে দেওয়া হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, গত শনিবার সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুটি স্থানে পৃথক বোমা হামলা হয়। এই ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়।

আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান ঘিরে গতকাল সন্ধ্যা পর্যন্ত শিববাড়ি এলাকায় কৌতূহলী মানুষের ব্যাপক ভিড় ছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় বোমা হামলার পর এলাকার পরিস্থিতি বদলে যায়। আজ সকালে শিববাড়ি এলাকায় তেমন লোকজন দেখা যায়নি।