চলমান হরতাল-অবরোধে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় ময়মনসিংহের গৌরীপুর, ফুলবাড়িয়া, ফুলপুর, মুক্তাগাছা ও তারাকান্দা উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যানদের নামে মামলা হয়েছে। গ্রেপ্তারের ভয়ে তাঁরা আত্মগোপনে থাকায় উপজেলা পরিষদের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান হওয়ার পর থেকে তাঁদের কয়েকজন রাজনৈতিক মামলার আসামি হলেও এর আগে কখনো পালিয়ে থাকেননি। তাঁদের দুজন এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তিও পেয়েছেন। কিন্তু এবার সরকার কঠোর অবস্থানে থাকায় তাঁরা গ্রেপ্তার এড়াতে পলাতক রয়েছেন।
উপজেলা পরিষদের কয়েকজন ভাইস চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর উপজেলার ভবানীপুরে একটি ট্রাকে পেট্রলবোমা হামলা হয়। ওই হামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমানের নামে মামলা হয়। এর আগে বিভিন্ন সময়ে তাঁর নামে রাজনৈতিক মামলা ও নিজ দলের বিরোধী পক্ষের দায়ের করা মামলা রয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। মুঠোফোনে তায়েবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় আমি গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে আছি। তবে লোকজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্রগুলো দেখছি।’
৯ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে চলন্ত বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল বাসার আকন্দ এবং তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নামে মামলা হয়। তাঁরাও পলাতক রয়েছেন।
৩ ফেব্রুয়ারি রাতে মুক্তাগাছা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকারিয়া হারুনের নামে মামলা হয়। এর পর থেকে তিনি উপজেলা পরিষদের কার্যালয়ে যাচ্ছেন না।
১২ জানুয়ারি ফুলবাড়িয়া উপজেলায় রাজনৈতিক সহিংসতা হয়। পরে ওই ঘটনায় উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান আজিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানাসহ জামায়াতের নেতাদের নামে মামলা হয়। এর পর থেকে চেয়ারম্যান পালিয়ে বেড়ালেও মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানাকে পুলিশ গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিন পেয়েছেন।
ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবীবুর রহমান জানান, উপজেলায় কাবিখা ও টিআরের জন্য ৪০০ টন চাল বরাদ্দ হয়েছে। এ ছাড়া উন্নয়ন খাতে আরও ৫৩ লাখ টাকার বরাদ্দ আছে। কিন্তু চেয়ারম্যান কার্যালয়ে না আসায় এখনো প্রকল্পই নির্ধারণ করা হয়নি। ৩১ মার্চের মধ্যে প্রকল্প নির্ধারণ করা না হলে হয়তো টাকা ও চাল ফেরত যাবে।
গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক জানান, চেয়ারম্যান না থাকায় উপজেলা পরিষদের কার্যক্রম প্রায় অচল হয়ে আছে। তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ আলাউদ্দিন জানান, চেয়ারম্যান না থাকায় মাঠপর্যায়ের অনেক উন্নয়নকাজ আটকে আছে। এ ছাড়া মুক্তাগাছা ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় সেখানেও বিভিন্ন উন্নয়নকাজ থমকে আছে।
স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম লোকমান জানান, কোনো কারণে চেয়ারম্যান অনুপস্থিত থাকলে ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব পালন করবেন। ফৌজদারি মামলার পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত উপজেলার চেয়ারম্যানকে বরখাস্ত করার সুযোগ নেই।