আত্মঘাতী জঙ্গি তানভীরের লাশ আঞ্জুমানের কাছে হস্তান্তর
রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানের সময় আত্মঘাতী জঙ্গি তানভীর কাদরীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ওই লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ মর্গ থেকে লাশ নিয়ে জুরাইন কবরস্থানের দিকে যায়।
তানভীর কাদরীর লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্তব্যরত কর্মকর্তা মোস্তাফা কামাল বুঝে নেন। তিনি বলেন, তাঁরা লাশ নিয়ে জুরাইন কবরস্থানের দিকে রওনা দিয়েছেন। মাগরিবের নামাজের পর লাশটি দাফন করার কথা।
তানভীর কাদরীর পরিচয় জানা থাকলেও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান বরাবর লাশ হস্তান্তরের বিষয়ে লেখা চিঠিতে পুলিশ এটিকে অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ হিসেবে উল্লেখ করেছে। এর আগে হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ যেসব জঙ্গিকে জুরাইনে দাফন করা হয়েছে, তাঁদেরও অজ্ঞাতনামা হিসেবেই দাফন করা হয়। যদিও নিহত হওয়ার পর পুলিশই তাঁদের পরিচয় গণমাধ্যমে নিশ্চিত করেছিল।
গত বছরের ১০ সেপ্টেম্বর আজিমপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সেই অভিযানে নিহত হন তানভীর কাদরী।