ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি ও হত্যাকাণ্ডের অন্যতম দুজন পরিকল্পনাকারী আদালতে আত্মসমর্পণ করেছেন।
এই দুই নেতা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ওরফে আদেল এবং পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম ওরফে মিস্টার। গতকাল সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ফেনীর বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী। চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পর থেকে এঁরা দুজন পলাতক ছিলেন। এ মামলায় এখনো ২১ আসামি পলাতক রয়েছেন।
গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে চেয়ারম্যান একরামের গাড়ির গতি রোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ারম্যান একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের জেলা আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মিনার চৌধুরী তাঁর (একরাম) নির্বাচনী প্রতিদ্বন্দ্বী। মামলায় অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আবুল কালাম আজাদ তদন্ত শেষে ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন ২৮ আগস্ট। গত ১২ নভেম্বর ওই অভিযোগপত্র আমলে নেন আদালত। অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে দুজন ইতিমধ্যে হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছেন।