আত্মসমর্পণ করেছেন থাই সেনা উপদেষ্টা

আত্মসমর্পণ করেছেন থাইল্যান্ডের সেনাবাহিনীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মানুস কংপান। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হওয়া ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
মানব পাচারে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ ওঠায় থাই সশস্ত্র বাহিনী ও দেশের মর্যাদার বড় ধরনের ক্ষতি হয়েছে, এ রকম মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অনুপং পাওচিনদা।
প্রতারণা কিংবা পাচারের শিকার বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলমানদের ঝুঁকিপূর্ণ সাগরপথে মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে প্রথমে থাইল্যান্ডে নেওয়া হতো। সেখানে আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন চালানো হতো। গত মাসে থাইল্যান্ডে গণকবর ও বন্দিশিবিরের সন্ধান মেলে। এ ঘটনায় থাইল্যান্ডের স্থানীয় কর্মকর্তা ও পুলিশের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সর্বশেষ থাই সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মানুস কংপানের বিরুদ্ধেও মানব পাচারে জড়িত থাকার অভিযোগ উঠল। খবর ব্যাংকক পোস্ট ও দ্য নেশনের।
মানুস কংপান গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজকীয় থাই পুলিশের দপ্তরে আত্মসমর্পণ করেন। সেনাবাহিনীর আইন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থাই পুলিশপ্রধান সোময়ুত পমপানমাংয়ের সঙ্গে সাক্ষাৎ করে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সংখলায় প্রাদেশিক পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এই প্রদেশেই গত ১ মে অভিবাসী বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবরের সন্ধান মেলে। পাওয়া যায় পাচারকারীদের বন্দিশিবিরও।
পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি রেনং প্রদেশের সন্দেহভাজন পাচারকারীর বাড়িতে চালানো পুলিশের অভিযানের সময় মানুস কংপানের ব্যাংক হিসাবে অবৈধ অর্থ স্থানান্তরের বিস্তারিত তথ্য পাওয়া যায়। ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই অর্থ স্থানান্তরের ঘটনা ঘটে। তাঁর বিরুদ্ধে মানব পাচারে জড়িত থাকা ছাড়াও বন্দিশিবিরে আটকে রেখে অভিবাসীদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ তোলা হয়েছে। ওই সময় তিনি কর্নেল পদমর্যাদায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইন্টারনাল সিকিউরিটি অপারেশনস কমান্ডের (আইএসওসি) দায়িত্বে ছিলেন। মানুস কংপান ২০১০ সালে এ দায়িত্ব গ্রহণ করেন।
আইএসওসি হলো থাই সরকারের ১৭টি সংস্থার জোট, যার সাংকেতিক নাম ‘পিথাক আন্দামান’। মূলত স্থলপথে রোহিঙ্গা ও অন্য অভিবাসীদের গতিবিধি পর্যবেক্ষণ, অনুপ্রবেশ ও পাচার ঠেকানোই ছিল তাদের মূল কাজ। এই আইএসওসি সরাসরি মানুস কংপানের অধীনে পরিচালিত হয়েছে। তাই নিজের জড়িত থাকার বিষয়টি ও পাচারের ঘটনাগুলো চেপে রাখতে পেরেছিলেন তিনি। ব্যক্তিগত ক্যারিশমা ও কঠোর নিয়মানুবর্তিতার জন্য স্থানীয় জনগণের কাছে জনপ্রিয় ছিলেন মানুস কংপান।
আত্মসমর্পণের আগে গত মঙ্গলবার মানুস কংপান সাংবাদিকদের বলেন, ‘দয়া করে আমার সম্পর্কে আগাম সিদ্ধান্ত নেবেন না। সব দিকের তথ্য খতিয়ে দেখে আদালতকে রায় দেওয়ার সুযোগ দিন। আমি পালিয়ে যাচ্ছি না, তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করব। আদালতের রায় যাই হোক, মেনে নেব।’
প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা বলেছেন, মানুস কংপান বিচারের আওতায় আনার তদন্তে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। তাঁর বিচার হবে অন্য সাধারণ মানুষের বিচারের মতোই।
থাই সেনাপ্রধান জেনারেল ইউদোমদেজ সিতাবাতর জানান, মানুস কংপান সাময়িক বরখাস্তের পর তাঁর বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পুলিশের তদন্তও চলছে।
৭২৭ অভিবাসীর একাংশ মংডুতে?: মিয়ানমারের নৌবাহিনীর উদ্ধার করা ৭২৭ অভিবাসীর একটা অংশকে গতকাল বুধবার দেশটির মংডু এলাকায় নেওয়া হয়েছে। একটি জাহাজ ও একটি ট্রলারে করে তাদের মংডু নেওয়া হয়। এ ছাড়া আরও দুটি নৌযান কাছাকাছি সাগরে অপেক্ষমাণ রয়েছে। গতকাল বুধবার রাতে এ তথ্য দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী। তবে সংশ্লিষ্ট আরেকটি সূত্র বলেছে, তাদের গতকাল পর্যন্ত মংডুতে নেওয়া হয়নি।
বিবিসি বাংলা জানায়, এই অভিবাসীদের ৮০ শতাংশই বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন মিয়ানমারের একজন কর্মকর্তা। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে এঁদের মাত্র ৩০ শতাংশ বাংলাদেশের নাগরিক হতে পারেন বলে যে দাবি করা হয়, তার সঙ্গে দ্বিমত পোষণ করে রাখাইন রাজ্যসচিব উ কটি মম বলেন, বাংলাদেশিদের সংখ্যা ৩০ শতাংশ বলে যে দাবি করা হচ্ছে, তা অসম্ভব। এঁদের ৭৫ শতাংশ অথবা সম্ভবত ৮০ শতাংশই বাংলাদেশি। এঁদের বেশির ভাগই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। এদিকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ওই বাংলাদেশিদের দ্রুত ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছেন।