
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। রাজশাহী মহানগর হাকিম আদালত-১-এ আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আনোয়ার হোসেনের আইনজীবী রইসুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন বুধবার দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে বেলা দুইটার দিকে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় বাড়ির সামনে খুন হন অধ্যাপক শফিউল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক গত বছরের ৩০ নভেম্বর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন উজ্জ্বল, আবদুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক, সিরাজুল ইসলাম, সবুজ, আল-মামুন, আরিফ, সাগর, জিন্নাত আলী, ইব্রাহিম খলিল ও নাসরিন আখতার রেশমা।
আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যা ব মিলে ১০ জনকে গ্রেপ্তার করে। আটক আসামিদের বরাত দিয়ে র্যা ব বলেছিল, যুবদলের নেতা আবদুস সামাদ পিন্টুর স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাসরিন আখতার রেশমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে শফিউল ইসলামকে হত্যা করা হয়। তবে আসামিরা র্যা ব ও পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করলেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
আইনজীবী রইসুল ইসলাম বলেন, ইতিপূর্বে আটক ১০ জনের মধ্যে যুবদলের নেতা আবদুস সামাদ পিন্টু বাদে বাকি সবাই জামিনে রয়েছেন। আবদুস সামাদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তিনি এখনো কারাগারে।