চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুরের গৃহবধূ লাইলী সুলতানা আত্মহত্যা করেননি। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে গতকাল বৃহস্পতিবার লাইলী সুলতানার লাশের ময়নাতদন্তের প্রতিবেদন আলমডাঙ্গা থানার পুলিশের কাছে পৌঁছায়।
লাইলীর স্বজনেরা জানান, চার বছর আগে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের শামসুল জোয়ার্দ্দারের মেয়ে লাইলীর সঙ্গে এনায়েতপুরের আহসান আলীর ছেলে সেনাসদস্য শুকুরের বিয়ে হয়। যৌতুক হিসেবে শুকুরকে একটি মোটরসাইকেল, টাকা ও অন্যান্য মালামাল দেওয়া হয়। এ দম্পতির ঊর্মি নামের দুই বছরের একটি মেয়ে রয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি লাইলীর ভাই ভগ্নিপতিকে দেওয়া মোটরসাইকেলটি নিয়ে বেড়াতে গিয়ে সেটি হারিয়ে ফেলেন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন লাইলীর ওপর নির্যাতন শুরু করে। শুকুর আলী ছুটি নিয়ে কুমিল্লা সেনানিবাস থেকে বাড়িতে আসেন এবং স্ত্রীর ওপর নির্যাতন চালান। ২৮ নভেম্বর সকালে লাইলীর বাবার বাড়ির লোকজন খবর পান, তাঁদের মেয়ে ২৭ নভেম্বর দিবাগত রাতে আত্মহত্যা করেছেন।
পরে লাইলীর বাবা শামসুল জোয়ার্দ্দার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। ওই দিন সন্ধ্যায় যশোর সেনানিবাস থেকে একটি প্রতিনিধিদল আলমডাঙ্গায় আসে এবং শুকুর আলীকে আটক করে নিয়ে যায়।