আত্মহত্যা প্ররোচনা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৮
নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের দ্বিতল ভবনের একটি কক্ষ থেকে গতকাল বুধবার ভোরে আল আমিন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আল আমিন সেখানে আত্মহত্যা করেন। তিনি উপজেলার বড়ভিটা বাজার এলাকার আজিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আজিজুল বাদী হয়ে স্থানীয় দুই গ্রাম পুলিশ, এক ইউপি সদস্যসহ নয়জন এবং অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করে গতকাল দুপুরে থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। পরে মামলার আসামি এক ইউপি সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেপুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য দুলু মিয়া, সংরক্ষিত নারী সদস্য (৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) আঞ্জুয়ারা বেগমের স্বামী চাঁদ মিয়া, গ্রাম পুলিশ আবদুল লতিফ, হামিদুল ইসলাম, নিহত আল আমিনের শ্যালক রুবেল মিয়া, রোকন মিয়া, নিশাদ আলী ও মো. রিপন। অপর আসামি শাহাবুল ইসলাম পলাতক রয়েছেন।
আজিজুল বলেন, ‘তিন বছর আগে মাগুরা ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামের রোজিনা বেগমের সঙ্গে আমার ছেলে আল আমিনের বিয়ে হয়। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আল আমিন শ্বশুরবাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়া হয়। এর জের ধরে শ্বশুরবাড়ির লোকজন আল আমিনকে আটকে রেখে স্থানীয় ইউপি সদস্যদের খবর দেয়। শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় ইউপি সদস্যরা আমার ছেলেকে মাগুরা ইউপি কার্যালয়ে এনে নির্যাতন করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। সেখানে আমার ছেলে পরনের শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন।’
থানায় ইউপি সদস্য দুলু বলেন, ‘ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেনের নির্দেশে আল আমিনকে রাত আড়াইটার দিকে ইউপিতে নিয়ে যাই এবং চেয়ারম্যানের জিম্মায় দিয়ে বাড়ি ফিরে যাই।’
ইউপি চেয়ারম্যান মাহমুদুল বলেন, ‘রাত আড়াইটার দিকে তাঁরা আল আমিনকে ইউপিতে এনে আমাকে ফোন দেন। তখন আমি সালিস বৈঠকে ছিলাম। আমি তাঁদের বলি গ্রাম পুলিশের হেফাজতে তাঁকে রাখতে। সেখানে দুজন গ্রাম পুলিশ ও মেয়ের দুই ভাইয়ের জিম্মায় তাঁকে আটক রাখা হয়।’