আত্মহত্যার চেষ্টা সেই ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ধর্ষণের শিকার সেই কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে গত রোববার আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ধর্ষণের ঘটনার চার মাস পার হলেও মামলার প্রধান আসামিসহ কয়েকজনকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে প্রথম আলোয় ‘বাউফলে মা ও মেয়েকে ধর্ষণ’ শিরোনামে ১৩ জুন ও ১১ আগস্ট ‘দুই মাসেও আসামি গ্রেপ্তার নেই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।

পরিবার সূত্র জানায়, ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা, আসামিদের পক্ষ নিয়ে মামলা তুলে নিতে প্রভাবশালী মহলের হুমকি ও সামাজিক নিপীড়নের কারণে মেয়েটি রোববার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তার মা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আফজাল হোসেন আত্মহত্যার চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই দিনই মেয়েটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তবে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, ‘মেয়েটি তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু তার মা টাকা কম দেন। এ ঘটনায় অভিমান করে সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। প্রভাবশালী কিংবা ক্ষমতাসীন দলের লোক হলেও ধর্ষণের মামলায় রক্ষা পাওয়ার সুযোগ নেই। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের সত্যতা মিলেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুন মেয়েটি তার মায়ের সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বাউফলের শৌলা এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে নিমদী লঞ্চঘাট এলাকায় বেড়াতে আসে। সেখানে পূর্বপরিচিত হারুন মৃধা নামের যুবলীগের এক কর্মী লঞ্চঘাট এলাকা থেকে বিকেলে ট্রলারে করে তাদের তেঁতুলিয়া নদীতে নিয়ে যান। সন্ধ্যার দিকে একটি চরের কাছে নিয়ে হারুন, স্বেচ্ছাসেবক লীগের নেতা রহিম মীর ও নূর আলম মল্লিক এবং যুবলীগের নেতা সোহেল মৃধাসহ ছয় যুবক তাঁদের ধর্ষণ করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নূর আলম মল্লিককে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে নূর আলমকে আটক করে।

৩ সেপ্টেম্বর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ এলাকা থেকে রাসেল কবিরাজ নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। নূর আলম ও রাসেল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।