আত্মহত্যায় প্ররোচনা মামলা, বাবা গ্রেপ্তার
দারুস সালাম থানার ছোট দিয়া বাড়িতে একটি বাসায় দুই শিশুসন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় শিশুদের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার বিকেলে ছোট দিয়া বাড়ির একটি বন্ধ ঘরে মোছা. আনিকা (২১), তাঁর মেয়ে শামীমা (৬) ও ছেলে আবদুল্লাহর (৩) লাশ পাওয়া যায়। ওই ঘর থেকে একটি চিরকুট ও রক্তমাখা বঁটি উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুর লাশ গলাকাটা অবস্থায় ও মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ বলছে, দুই শিশুকে গলা কেটে হত্যার পর তাদের মা ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার কারণ জানতে মঙ্গলবার রাতে আনিকার স্বামী শামীম হোসেনকে (২৯) দারুস সালাম থানায় নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (দারুস সালাম জোন) সৈয়দ মামুন মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন শামীম।