আত্মহত্যায় প্ররোচনা, সহকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকতার জাহানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাঁর সহকর্মী আতিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত আগস্ট মাসের শেষ দিকে এই অভিযোগপত্র দেওয়া হয়।

আকতার জাহান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। আতিকুর রহমান একই বিভাগের সহকারী অধ্যাপক।

গত বছরের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আকতার জাহানের কক্ষের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছোট ভাই কামরুল হাসান পরদিন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ৪ নভেম্বর আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান আতিকুর।

মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগরের মতিহার থানার উপপরিদর্শক ব্রজ গোপাল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যুর ঘটনায় বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে আতিকুর রহমানকে অভিযুক্ত করে গত মাসের (আগস্ট) শেষ সপ্তাহে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে আকতার জাহানের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর সাবেক স্বামী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। ওই সব অভিযোগের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭০তম সভায় তানভীর আহমদকে বিশেষ ছুটি দেওয়া হয়। সেই সঙ্গে অভিযোগ তদন্ত করতে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি যত দিন পর্যন্ত প্রতিবেদন জমা না দেয়, তত দিন তানভীরকে ছুটিতে থাকতে হবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়।