আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা
বরগুনার আমতলী উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মাসুম ফকির (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ছাত্রীর বাবা আমতলী থানায় মাসুম ফকিরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
ইসরাত জাহান ইভা (১৩) নামের ওই ছাত্রী উপজেলার কৃষ্ণনগর গ্রামের মঞ্জুরুল কবিরের মেয়ে। সে কুকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় গতকাল দুপুরে বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ছাত্রীটির পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ইসরাতকে প্রায় ছয় মাস ধরে একই এলাকার পূর্ব সোনাখালী গ্রামের জলিল ফকিরের ছেলে মাসুম ফকির উত্ত্যক্ত করছিলেন। তিনি ইসরাতের চাচাতো ভাই আবুল বাশারের শ্যালক। গত বৃহস্পতিবার আবুল বাশারের বাড়িতে বেড়াতে আসেন মাসুম। ওই দিন রাতে ইসরাতকে কুপ্রস্তাব দেন মাসুম। এ ঘটনার কথা ইসরাত তার মাকে জানায়। শুক্রবার সকালে ইসরাতের বাবা মঞ্জুরুল কবির এ বিষয়ে মাসুমের বোন নূপুর বেগম ও বাবা জলিল ফকিরের কাছে অভিযোগ করেন। তবে তাঁরা ছেলের পক্ষ নিয়ে ইসরাত ও তার পরিবারের সদস্যদের গালমন্দ করেন। ওই দিন রাত নয়টার দিকে ঘরের একটি কক্ষে আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগিয়ে ইসরাত আত্মহত্যা করে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে শনিবার ইসরাতের লাশ দাফন করা হয়।
এ ঘটনায় শুক্রবার রাতেই ইসরাতের বাবা মঞ্জুরুল কবির বাদী হয়ে আমতলী থানায় মাসুম ফকির, তাঁর বাবা ও বোন—এই তিনজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে মামলা করেন। মঞ্জুরুল কবির গতকাল রোববার বলেন, ‘ছয় মাস ধরে মাসুম আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। তাঁর পরিবারের সদস্যদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি। উল্টো তাঁদের অপবাদের কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি তাঁদের বিচার চাই।’
মামলার পর থেকে তিন আসামি পালিয়েছেন। তাঁদের মুঠোফোনও বন্ধ। তবে এ ব্যাপারে আবুল বাশার বলেন, ইসরাতের সঙ্গে তাঁর শ্যালকের প্রেমের সম্পর্ক ছিল।