আত্মীয়কে ফাঁসাতে অপহরণ নাটক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ৩৫ দিন পর আবুল ফালা বিন আবদুল্লাহ (১১) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ভোরে ঢাকার উত্তরা এলাকার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে ফুফু শিখা বেগমের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধে আত্মীয়কে নাজেহাল করতে বাবা আবদুল্লাহ ইবনে হোসাইন তালুকদারের কথামতো ওই শিশু ফুফুর বাসায় লুকিয়ে ছিল। পরিবারের দায়ের করা অপহরণ মামলায় মামা মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গতকাল শিশুটিকে উদ্ধারের মধ্য দিয়ে অপহরণ নাটকের অবসান ঘটল।

আবুল ফালা দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের কালিকাপুর এলাকার আজা রোজ বার্ড কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। মা কামরুন্নাহার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দীন বলেন, গত ২৩ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় আবুল ফালা। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করা হয়েছে—এ অভিযোগে ২৭ জুলাই দেওয়ানগঞ্জ থানায় স্কুলছাত্রের মামা মাহবুবুর রহমান, প্রতিবেশী আমজাদ হোসেন ও তাঁর স্ত্রী সাবিনা বেগমকে আসামি করে একটি অপহরণ মামলা করেন বাবা আবদুল্লাহ। ওই মামলায় দেওয়ানগঞ্জ থানা-পুলিশ ওই দিনই ওই তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

গত শনিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রের বাবা পুলিশকে ফোন করে জানান, তাঁর ছেলে ঢাকার উত্তরা এলাকার একটি দোকানে রয়েছে বলে তাঁকে ফোনে জানিয়েছে। পরে পুলিশ ও আবদুল্লাহকে সঙ্গে নিয়ে উত্তরায় শিশুটির ফুফু শিখা বেগমের বাসা থেকে তাকে উদ্ধার করে জামালপুরের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে।

পুলিশ সুপার নিজাম উদ্দীন বলেন, স্কুলছাত্র তার জবানবন্দিতে জানিয়েছে, তাকে কেউ অপহরণ করেনি। পরিবারের লোকজনের পরামর্শে সে এক মাসের বেশি সময় ঢাকায় তার ফুফুর বাসাসহ বিভিন্ন আত্মীয়র বাসায় লুকিয়ে ছিল। পুলিশের সন্দেহ, জমি নিয়ে বিরোধে আত্মীয় ও প্রতিবেশীদের ফাঁসানোর জন্যই ছেলেকে অপহরণের নাটক সাজান আবদুল্লাহ।