নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদের প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন বালু উত্তোলন বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে ৯ এপ্রিল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়, হাইকোর্টে পৃথক রিট মামলার কারণে বাংলা ১৪২২ ও ১৪২৩ সালের জন্য মহাদেবপুর উপজেলার বালুমহালটি ইজারা দেওয়া হয়নি। অথচ দুই বছর ধরে খননযন্ত্র দিয়ে নদ থেকে বালু তোলা হচ্ছে। গত ২১ মার্চ জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার শুভাশীষ ঘোষ স্বাক্ষরিত হাইকোর্টে জমা দেওয়া রিট মামলার এক প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের স্থগিতাদেশের কারণে বাংলা ১৪২২ সালের জন্য বালুমহালটি ইজারা দেওয়া সম্ভব হয়নি। ওই রিট মামলাটি নিষ্পত্তি হওয়ার পর আরেকটি রিট মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের কারণে বাংলা ১৪২৩ সালের জন্যও বালুমহাল ইজারা দেওয়া সম্ভব হয়নি। তবে ইজারা দেওয়া সম্ভব না হলেও বালুমহালটির দখল সরকারের নিয়ন্ত্রণে আছে।
কিন্তু সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বালুমহালটি আসলে সরকারের নিয়ন্ত্রণে নেই। দুই বছর ধরে ইজারা ছাড়াই মেসার্স ট্রেডার্সের মালিক এস এম আতিকুর রহমান ওরফে মুনু ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমানের নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। আতিকুর মহাদেবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিযোগকারীরা।
অভিযোগকারী আবদুল মান্নান বলেন, জেলা প্রশাসক হাইকোর্টে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছেন, বালুমহালটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাস্তব চিত্র উল্টো। মহাদেবপুর বালুমহালে বর্তমানে অরাজকতা চলছে। আতিকুর, মাসুদুরসহ সরকারি দলের নেতা-কর্মীরা লুটপাট চালাচ্ছেন।
উপজেলা কৃষক লীগের সভাপতি প্রভাত ব্যানার্জি বলেন, গত বছর এবং এ বছর ইজারা না দেওয়ায় সরকার প্রায় ৪ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
বালুমহালটির শিবপুর বুড়াশিবতলা এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকায় আত্রাই নদ থেকে সাত-আটটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এরপর ট্রাকে করে বালু চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। সেখানে কথা হয় শ্রমিক আকবর, জাহিদুল, শরিফ ও আলমের সঙ্গে। তাঁরা জানান, এই স্পট থেকে প্রায় এক বছর ধরে শফিকুল ও মান্নান নামের দুজন বালু তুলছেন। প্রতিদিন এখান থেকে অন্তত ১০০ ট্রাক বালু বিক্রি হয়। প্রতি ট্রাক বালুর দাম ১ হাজার ৩০০ টাকা। শফিকুল ও মান্নানের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, আতিকুর ও মাসুদুরের কাছ থেকে শফিকুল ও মান্নান এই স্পট থেকে আয়ের ৬০ শতাংশ ভাগ দেওয়ার চুক্তিতে বালু উত্তোলন ও বিক্রি করছেন। প্রতিদিন এখান থেকে প্রায় ১ লাখ টাকার বালু বিক্রি হয়। মহাদেবপুর বালুমহালের নূরপুর কাটাবাড়ী, মহিষবাথান, দেওয়ানপুর, মিরাঠ, রামচন্দ্রপুর, মধুবন, গোপীনাথপুর ও ভোলাবাজার ঘুরে সেখানকার শ্রমিক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে বালু উত্তোলনকারী হিসেবেও শফিকুল ও মান্নানের নাম জানা গেছে।
জানতে চাইলে আতিকুর রহমান বলেন, ‘বাংলা ১৪২২ সালে বালুমহালটি শুধু আমার নামে নয়, এস এম আতিকুর রহমান গংয়ের নামে ১ কোটি ৮৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। অর্থাৎ এই চুক্তিতে আরও অনেকে আছেন। ইজারা পেলেও বালুমহালটির দখল আমরা বুঝে পাইনি। সে জন্য উচ্চ আদালতে রিট মামলা করেছি।’ কারা বালু তুলে এ প্রশ্নের জবাবে আতিকুর বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’ মাসুদুর রহমান বলেন, ‘বালুমহালটি আমরা ডাকনিয়েছি। আমরাই তো বালুমহাল নিয়ন্ত্রণ করব। বৈধভাবেই বালু তুলছি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১৪২৩ বাংলা সালের পর মহাদেবপুর বালুমহাল থেকে যে বালু তোলা হচ্ছে, তা অবৈধ। কিন্তু মামলার কারণে আমাদের হাত-পা বাঁধা। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশ আছে।’ অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।