আত্রাইয়ে কলেজছাত্রীকে পেট্রল ঢেলে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় গতকাল রোববার কলেজছাত্রীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর নাম শাহানাজ খাতুন (২২)। তিনি মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাঁর সাবেক স্বামীর নাম সাদেকুল আলম (২৬)। তাঁদের বাড়ি দীঘিরপাড় গ্রামে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, মেয়েটির গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তাঁর বাবা সখিন মণ্ডল বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেছেন। সাদেকুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দীঘিরপাড় গ্রামের সখিন মণ্ডলের মেয়ে শাহানাজ খাতুনের সঙ্গে একই গ্রামের আবদুস ছালামের ছেলে সাদেকুল আলমের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে এক বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে সাদেকুল আবার বিয়ে করেন। এরপরও তিনি শাহানাজকে বিভিন্নভাবে বিয়ের জন্য প্রলোভন দিতে থাকেন। শাহানাজ তাঁর কথায় সাড়া না দিয়ে কলেজে ভর্তি হয়ে লেখাপড়ায় মন দেন। গতকাল শাহানাজ কলেজ শেষে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হলে বাইপাস সড়কের তিন মাথা এলাকায় তাঁর পথ রোধ করেন সাদেকুল। তিনি শাহানাজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে শাহানাজের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তিনি বাঁচার জন্য পাশেই আত্রাই নদে লাফিয়ে পড়েন। সঙ্গে থাকা বান্ধবী উম্মে হাবিবা ও তাছলিমা আক্তার স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলেই জনতা সাদেকুল আলমকে ধরতে ধাওয়া করে। জনতার রোষের হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে গিয়ে আত্রাই থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।