আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১
নওগাঁর আত্রাইয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আমজাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা–পুলিশ। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আত্রাই থানায় মামলাটি করেন। গ্রেপ্তার হওয়া আমজাদ হোসেন উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে সাহেবগঞ্জ মোল্লাপাড়া গ্রামের ওই গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে পূর্বপরিচয়ের সূত্র ধরে আমজাদ হোসেন ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমজাদ হোসেনকে আটক করেন। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ আমজাদকে গ্রেপ্তার করে।
আত্রাই থানার ওসি বদরোদজ্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার রাতেই গৃহবধূ বাদী হয়ে আত্রাই থানায় আমজাদ হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।