আত্রাইয়ে চাকরি দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণ মামলা দায়ের
নওগাঁর আত্রাই উপজেলার এক গৃহবধূকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে আত্রাই থানায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূকে পূর্বপরিচিত উপজেলার শলিয়া গ্রামের আবদুল কালাম (৪৫) চাকরি দেওয়ার নাম করে গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে আসতে বলেন।
ওই সময় তাঁর বাড়িতে আর কেউ ছিল না। গৃহবধূ আবদুল কালামের বাড়িতে এলে তাঁকে কৌশলে আটকে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূ ওই বাড়ি থেকে পালিয়ে নিজ পরিবারের সদস্যদের এ ঘটনা জানান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা গৃহবধূর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আবদুল কালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।