আত্রাইয়ে ছেলের লাথিতে প্রাণ হারালেন মা
নওগাঁর আত্রাইয়ে ছেলের লাথিতে প্রাণ হারিয়েছেন অসহায় দেলজান বেগম (৯০)। নির্মম এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে উপজেলার রাইপুর ডাঙ্গাপাড়া গ্রামে। পুলিশ ছেলে তবিবর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জহির উদ্দীনের স্ত্রী দেলজান বেগম দীর্ঘদিন ধরে ছোট ছেলে তবিবরের সংসারে থাকতেন। গত মঙ্গলবার বিকেলে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে ক্ষুব্ধ তবিবর একপর্যায়ে মায়ের পাঁজরে লাথি মারেন। এতে দেলজান বেগম সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেন। সন্ধ্যায় চিকিৎসার একপর্যায়ে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। এ ব্যাপারে বৃদ্ধার বড় ছেলে দেলবর হোসেন বাদী হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা করেছেন।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবিবরকে গ্রেপ্তার করা হয়েছে।