আত্রাইয়ে ছয় ডাকাত গ্রেপ্তার
ডাকাতি করে নৌকায় ফিরে যাওয়ার সময় নওগাঁর আত্রাইয়ে ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাতির সময় ডাকাতদের মারধরে বাড়ির গৃহকর্তাসহ চারজন আহত হয়েছেন। গত শনিবার ভোরে উপজেলার বিষা ইউনিয়নের খাস খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, গুরুতর আহত গৃহকর্তা বাবুল ইসলামকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি শনিবার বিকেলে ১৫-১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ছয়জনের রিমান্ড চেয়ে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।
গ্রামবাসী সূত্র জানায়, খাস খামারপাড়া গ্রামের বাবুল ইসলামের বাড়িতে রাত তিনটার দিকে ১০-১২ জন ডাকাত নৌকাযোগে এসে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা পরিবারের সদস্যদের বেদম মারধর করে তিন ভরি সোনার গয়না, ৪০ হাজার টাকা, চারটি মুঠোফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় গ্রামবাসী ডাকাতির ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহয়তায় ডাকাতদের নৌকা ধাওয়া করে। গ্রাম থেকে কিছুদূর গিয়ে তারা নৌকাসহ ছয় ডাকাতকে আটক করে।
আটক ডাকাতেরা হলো একই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের সাগর (৩৫), পুনঘাটের জিল্লুর রহমান (২৫), বাবু ইসলাম (৩৫) ও মিঠু (২৩), দেওলা গ্রামের গোলাম রাব্বানী (২৫) এবং মান্দা উপজেলার চক মনসুর গ্রামের আবদুর রাজ্জাক (৫০)।