আত্রাইয়ে পুলিশের মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার দক্ষিণ পারকাসুন্দা গ্রামের একটি বাড়িতে গত রোববার রাতে পুলিশের মারধরে জালাল উদ্দিন (৩৬) নামের এক যুবক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
থানা-পুলিশের দাবি, আসামির খোঁজে ওই বাড়িতে অভিযান চালানো হয়েছিল। নির্যাতনে নয়, ভয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে জালাল মারা গেছেন।
জালাল উদ্দিনের বাড়ি জেলার রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামে। তিনি আত্রাইয়ের দক্ষিণ পারকাসুন্দা গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহত জালালের মামি জোসনা বানু বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন পুলিশ সদস্য তাঁদের ঘরের দরজায় এসে ডাকাডাকি শুরু করেন। তিনি দরজা খুলে দেন। তাঁরা তাঁর স্বামীর খোঁজ করেন। তিনি জানান স্বামী অসুস্থ, চলাফেরা করতে পারেন না। তিনি শুয়ে আছেন। স্বামীর পাশে শুয়ে থাকা ভাগিনা জালাল উদ্দিনকে দেখতে পেয়ে তাঁরা পরিচয় জানতে চান। তিনি জানান, জালাল অসুস্থ মামাকে দেখতে এসেছেন। এরপর তাঁরা জাতীয় পরিচয়পত্র আনতে বললে তিনি পাশের ঘরে যান। একটু পরেই তিনি মারধরের শব্দ শুনতে পান। ঘর থেকে বাইরে এসে দেখেন জালাল মাটিতে পড়ে আছেন। আর তাঁর স্বামী আশকান মোল্লা কান্নাকাটি করছেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে এর আগেই পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যান। ততক্ষণে জালাল মারা যান।
প্রতিবেশী আমিনুল ইসলাম বলেন, ‘জালালের বুকে আঘাতের চিহ্ন ছিল। ওই পরিবারটির বিরুদ্ধে কোনো দিন কোনো অভিযোগ শুনিনি। পুলিশ এসে কেন এভাবে মারপিট করল, তা বুঝে উঠতে পারছি না।’
পাঁচুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফসার আলী বলেন, ‘পুলিশ মাঝেমধ্যেই মাদকদ্রব্য নিয়ে এসে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করে। টাকা পেলে ছেড়ে দেয়। আর না পেলে এভাবে নির্যাতন চালানো হয়। আবার কখনো কখনো মামলাও দেওয়া হয়।’
পুলিশের মারধরে জালালের মৃত্যুর অভিযোগ অস্বীকার করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, ‘চাঁদাবাজি নয়, আসামি ধরতেই পুলিশ সেখানে গিয়েছিল। আর মারপিটের কারণে নয়, পুলিশের ভয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে জালালের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলা হয়নি। লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।’