আত্রাইয়ে বিদ্যালয়ের নামে নদের শাখা ভরাটের অভিযোগ
নওগাঁর আত্রাই উপজেলার সুদরানা গ্রামে প্রভাবশালীদের বিরুদ্ধে একটি বিদ্যালয়ের নামে আত্রাই শাখা নদ দখল করে ভরাটের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বলছেন, বিদ্যালয়ের নামে ভরাট করা হলেও পরবর্তী সময়ে এই জায়গা ব্যক্তিগতভাবে ব্যবহারের পাঁয়তারা করছেন প্রভাবশালীরা।
এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক (রাজস্ব), আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এলাকাবাসী জানান, উপজেলার সুদরানা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত আত্রাই শাখা নদ নাটোরের সিংড়া থানার সেরকোল নদের সঙ্গে সংযুক্ত ছিল। নদের মুখটি দুই উপজেলার প্রায় ১০-১২টি গ্রামের মানুষের মালামাল আনা নেওয়ার একমাত্র মাধ্যম। এ ছাড়া বৃষ্টি হলে এসব গ্রামের পানি ওই শাখা নদ দিয়েই প্রবাহিত হয়ে নেমে যায়।
এলাকাবাসী বলেন, ১৯৮৫ সালেআত্রাইয়ের বিষা ইউনিয়ন এবং সিংড়া উপজেলার কয়েক গ্রামের লোকজন মিলে আত্রাই শাখা নদের মুখের কিছু অংশ বন্ধ করে দেয়। এ নিয়ে সেখানে মারপিটের ঘটনাও ঘটে।
এরপর নদের মুখ খুলে দেওয়া হলেও বর্তমানে শাখা নদের মুখের এক পাশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাজার গড়ে উঠেছে। যোগাযোগের জন্য করা হয়েছে পাকা রাস্তা। দীর্ঘদিন শাখা নদের ওই মুখ দখলমুক্ত ছিল। হঠাৎ দুই সপ্তাহ আগে থেকে একটি প্রভাবশালী মহল সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের নামে নদেরমুখ দখল শুরু করে। তারা ড্রেজার মেশিনের সাহায্যে মূল নদ থেকে বালু এনে ভরাটের কাজ করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শাখা নদের ওই মুখে একটি স্লুইসগেট নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনে দাবি থাকলেও তা পূরণ হয়নি। জায়গাটি ভরাট হয়ে গেলে জেলার আত্রাই ও নাটোরের সিংড়া উপজেলার এলাকার কৃষকদের অনেক ক্ষতি হবে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, নদীর মুখ দখল করে যাঁরা ভরাট করছেন তাঁরা ক্ষমতাসীন দলের। বিদ্যালয়ের নামে যে জায়গা দখল করে ভরাট করা হচ্ছে ভবিষ্যতে সেখানে স্লুইসগেট নির্মাণ করতে গেলে তা আর সম্ভব হবে না। স্লুইসগেট নির্মাণ হলে এলাকাবাসী উপকৃত হবেন। এটা দীর্ঘদিনের দাবি তাঁদের।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আনছার আলী প্রথম আলোকে বলেন, ‘জায়গাটা অনেক দিন থেকে পড়ে থাকায় স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা ভরাট করছি। সেখানে ব্যবসা-বাণিজ্যের জন্য দোকানঘর নির্মাণ করার পরিকল্পনা আছে। জায়গাটা পত্তন নেওয়া আছে। তা ছাড়া প্রতিবছরই খাজনা দিতে হয়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান দাবি করেন, দখলের বিষয়টি পুরোটা মিথ্যা ও ষড়যন্ত্র। ১৯৬৭ সাল থেকে বিদ্যালয় ওই জায়গাটা দখল করে আছে। ব্যক্তিগতভাবে দখল করা হয়নি।এখানে কোনো নদ ছিল না। ১৯৮৮ সালের বন্যায় পানি গড়িয়ে যাওয়ায় সেখানে গর্ত তৈরি হয়। এখান বালু দিয়ে ভরাট করা হচ্ছে, যাতে জায়গাটি অকেজো হয়ে না থাকে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছার রহমান বলেন, অবৈধভাবে নদের জায়গা দখলের বিষয়টি মুঠোফোনে কয়েকজন তাঁকে জানিয়েছেন। তিনি বিষয়টি দেখতে ভূমি কমিশনারকে ঘটনাস্থলে পাঠাবেন।