আত্রাইয়ে বিমার টাকা ফেরত পাচ্ছেন না দুই শতাধিক গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলায় বিমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও আমানতের টাকা ফেরত না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দুই শতাধিক গ্রাহক। মেয়াদ শেষ হওয়ার এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এক বছরেরও বেশি সময় পার হওয়ার পরও এসব গ্রাহক তাঁদের আমানতের টাকা ফেরত পাননি। ফলে তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগে জানা যায়, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড নামের একটি বিমা প্রতিষ্ঠান প্রায় এক যুগ আগে আত্রাই উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে কার্যালয় খুলে বিমার কার্যক্রম শুরু করে। ১০ বছর পর দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রলোভন দিয়ে প্রতিষ্ঠানটি ১০ বছর মেয়াদে টাকা জমা নেওয়া শুরু করে। ইতিমধ্যে তাঁরা সহস্রাধিক গ্রাহক সংগ্রহ করেছেন। গত এক বছরেরও বেশি সময় আগে ২৩০ জন গ্রাহকের আমানতের ১০ বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এক বছরেও তাঁরা টাকা পাননি। এতে বিপাকে পড়েছেন গ্রাহকসহ ওই বিমা প্রতিষ্ঠানের স্থানীয় কর্মীরা।

গ্রাহক পাঁচপাকিয়া গ্রামের জাহেদুল ইসলাম, শিবপুর গ্রামের তোতা মিয়া ও জয়নাথপুর গ্রামের গোলাম মোস্তফা গত সোমবার বলেন, বিমার ১০ বছর মেয়াদ পূর্তির পর মুনাফাসহ তাঁদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রায় এক বছর পার হলেও তাঁরা কোনো টাকা ফেরত পাননি। আদৌ এ টাকা ফেরত পাবেন কি না, সেই চিন্তায় হতাশ হয়ে পড়েছেন।

সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের আত্রাই কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘আমরা কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সেখানে কেন এত বিলম্ব হচ্ছে, তা আমার জানা নেই।’

এ ব্যাপারে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড রাজশাহী বিভাগীয় সহকারী প্রকল্প পরিচালক অছিউর রহমান বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক বছর পার হলেও গ্রাহকেরা টাকা ফেরত পাননি, এটা ঠিক না। আসলে একসঙ্গে অনেক গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। ইতিমধ্যে অনেক গ্রাহকের টাকা আমরা ফেরত দিয়েছি। অল্প সময়ের মধ্যেই বিমার মেয়াদ উত্তীর্ণ হওয়া সব গ্রাহকই টাকা পেয়ে যাবেন।’