আত্রাইয়ে যাত্রাবিরতি নেই আন্তনগর ট্রেনের দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী অধিকাংশ আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। নওগাঁ জেলার আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ঢাকাগামী পাঁচটি আন্তনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকাগামী আন্তনগর ট্রেনের মধ্যে কেবল নীলফামারী থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিই এ স্টেশনে যাত্রাবিরতি করে। তা-ও এ ট্রেনে আসন বরাদ্দ মাত্র ৩৫টি। অথচ আত্রাই থেকে প্রতিদিন ঢাকা যাতায়াত করে প্রায় দুই শতাধিক যাত্রী।

নীলসাগর এক্সপ্রেস ছাড়াও আত্রাইয়ের ওপর দিয়ে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস, রংপুর, লালমনি এবং একতা এক্সপ্রেস নামের আরও চারটি ট্রেন চলাচল করে।

আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, ‘আত্রাইয়ে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি নিশ্চিত করতে আমরা এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছি। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের দাবি তোয়াক্কাই করছেন না।’