আদম ব্যবসায়ীর বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ব্রি-মাগুরা গ্রামে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম আদেল উদ্দিন শেখ (৫৫)। তিনি বেতেঙ্গা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ছেলে খলিল শেখ থানায় মামলা করেছেন। এতে ব্রি-মাগুরা গ্রামের মজিবর মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আদেল শেখের ছেলে নজরুল ইসলাম বলেন, তাঁর ভাই ছলিম শেখকে কাতারে পাঠানোর জন্য মজিবর মোল্লা বাবার কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা নেন। তিনি আরও আটজনের কাছ থেকে টাকা নেন। কয়েক মাস আগে তাঁদের কাতারে পাঠান। কিন্তু সেখানে কেউ কাজ পাননি। মানবেতরভাবে সেখানে তাঁরা এক মাস থাকেন। মাসখানেক আগে তাঁরা দেশে আসেন। বিষয়টি নিয়ে এলাকায় কয়েকবার সালিস বৈঠক হয়। কিন্তু মজিবর তাঁদের টাকা ফেরত দেননি। কয়েক দিন আগে উল্টো তাঁদের নামে উকিল নোটিশ পাঠান। এ নিয়ে কথা বলার জন্য বাবাকে বুধবার ডেকে নেন মজিবর।
নিহত ব্যক্তির ভাইয়ের স্ত্রী জুলেখা বেগম বলেন, ‘গতকাল সকালে খবর পেয়ে এসে দেখি মজিবরের বাড়ির পাশে গাছে লাশ ঝুলছে। আমাদের ধারণা, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ তাঁরা এর শাস্তি দাবি করেন।
থানাহাজতে থাকাকালে মজিবর মোল্লা বলেন, বুধবার বিকেলে তাঁর সঙ্গে আদেলের দেখা হয়নি। আদেল কীভাবে মারা গেছেন, তিনি জানেন না। তিনি আটজনকে ঠিকমতো কাতারে পাঠিয়েছিলেন। সেখানে তাঁরা চাকরিও পেয়েছিলেন। অজ্ঞাত কারণে তাঁরা দেশে চলে এসেছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক মজিবর মোল্লাকে মামলার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।