আদমদীঘি থেকে অপহৃত দুই বৃদ্ধ সাঘাটায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি থেকে ইয়াছিন আলী (৭৫) ও আবদুল জব্বার মণ্ডল (৭০) নামের দুই বৃদ্ধকে অপহরণের ছয় দিন পর গত রোববার গাইবান্ধার সাঘাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ এক অপহরণকারীকে গ্রেপ্তার এবং ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, গুলি ও কার্তুজ উদ্ধার করে। এ ব্যাপারে সাঘাটা থানায় অস্ত্র আইনে ও আদমদীঘি থানায় অপহরণ মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের মোল্লাপাড়ার ইয়াছিন আলী গত ২০ ফেব্রুয়ারি সান্তাহার থেকে ট্রেনে ঢাকা যাওয়ার সময় এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তিনি ইয়াছিন আলীর সঙ্গে চাচা-ভাতিজা সম্পর্ক গড়ে তোলেন। এই পরিচয়ের সূত্র ধরে গত ২৭ মার্চ ওই অজ্ঞাত ব্যক্তি আরও একজনকে সঙ্গে নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে বেড়াতে আসেন। পরে ইয়াছিন আলী ও তাঁর অপর সঙ্গী ছোটআখিড়া গ্রামের আবদুল জব্বারকে ওই দুই অজ্ঞাত ব্যক্তি গ্রামের ওয়াজ মাহফিলে তাঁদের নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার কথা বলে গত ২৮ মার্চ চারজন বাড়ি থেকে বের হলে ওই দুই বৃদ্ধকে পথ থেকে কৌশলে অপহরণ করেন। ওই দিন রাতেই ওই দুই বৃদ্ধের পরিবারের সদস্যদের মুঠোফোনে ফোন করে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।

ঘটনা জানতে পেরে বগুড়া জেলা পুলিশ মুঠোফোন ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান জানতে পারে। তারা ঘটনা গাইবান্ধা পুলিশকে জানায়। গাইবান্ধার সাঘাটা থানা-পুলিশের বিশেষ দল গত রোববার গভীর রাতে সাঘাটার গবিন্দীচর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের ঘিরে ফেলে। অপহরণকারীরা টের পেয়ে গেলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার ও ইদ্রিছ আলী নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, সাতটি গুলি ও বন্দুকের পাঁচটি কার্তুজ উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ইদ্রিছ সাঘাটা উপজেলার খোলাবাড়ী চরের গরিবুল্ল্যার ছেলে।

আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় সাঘাটা থানায় অস্ত্র আইনে ও আদমদীঘি থানায় অপহরণ মামলা হয়েছে।