আদমদীঘিতে অবৈধভাবে নদ থেকে বালু উত্তোলন

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বাঘাদহ-কালীতলা নামক স্থানে নাগর নদে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া বাঁধ ঘেঁষে মাটি কাটা চলছে। এলাকার বালু ব্যবসায়ী শাহিন হোসেন নদ থেকে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বালু উত্তোলন ও বাঁধের মাটি কেটে নেওয়ায় এলাকার কয়েক শ একর ফসলি জমি ও বাঁধ এবং বাঘাদহ, কালীতলা, পালংকুড়িসহ বেশ কয়েকটি গ্রামের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছরই এই প্রবণতা বাড়ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চাঁপাপুর ইউনিয়নের বাঘাদহ-কালীতলা এলাকায় শাহিন হোসেনের নিয়োগ করা লোকজন নাগর নদে নৌকার ওপর শ্যালো মেশিন বসিয়ে নদ থেকে বালু উত্তোলন করছেন। একই সঙ্গে স্থানীয় কিছু লোক বাঁধ ঘেঁষে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন নদ থেকে বালু তুলে ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হচ্ছে এবং ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এভাবে নদ থেকে বালু উত্তোলন করায় বর্ষা মৌসুমে বাঁধের পাড় ভেঙে নদের পাশের বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।
পালংকুড় গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, যাঁরা নদ থেকে বালু তোলেন, তাঁদের হাত খুব লম্বা। প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এলাকাবাসী কোনো কিছু বলতে সাহস পায় না। তিনি বলেন, মাত্র কয়েকজন ব্যক্তি মিলে এলাকার সর্বনাশ করলেও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় প্রতিবছরই এই প্রবণতা বাড়ছে। বালু উত্তোলনকারী শাহিন হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, উপজেলায় বালুমহাল নেই। নদ থেকে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।