আদমদীঘিতে চিঠি দিয়ে ইমামকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের পুরাতন জামে মসজিদের ইমামকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই মসজিদে চার-পাঁচ বছর ধরে ইমামতি করে আসছেন চাঁপাপুর এলাকার মকবুল হোসেনের ছেলে মোতাহার হোসেন। গত শুক্রবার মাগরিবের নামাজের কিছুক্ষণ পর মোয়াজ্জিন আজাদ হোসেন মসজিদের দরজার কাছে একটি চিঠি পড়ে থাকতে দেখেন। চিঠির খামে প্রাপক হিসেবে ইমাম মোতাহার হোসেনের নাম লেখা ছিল।
ইমাম মোতাহার হোসেন বলেন, ওই চিঠিতে তাঁকে সাত দিনের মধ্যে হত্যা করা হবে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু চিঠিতে প্রেরকের কোনো নাম-ঠিকানা ছিল না। এ ঘটনায় তিনি আদমদীঘি থানায় একটি জিডি করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।