আদমদীঘিতে টিআর প্রকল্পের গম আত্মসাতের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (টিআর) ৬২ মেট্রিক টন গমের অধিকাংশই আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিদের তিন দিনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও তাঁরা কাজ করেননি।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য ২০১৩-১৪ অর্থবছরে স্থানীয় সাংসদের অনুকূলে ১৮টি প্রকল্পের মাধ্যমে ৬২ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। বরাদ্দ করা গম বঙ্গবন্ধু ঐক্য পরিষদ, বেকার যুব সমবায় সমিতি, শ্রমিক কার্যালয়, স্কুল, মসজিদসহ বিভিন্ন প্রকল্পের নামে দেওয়া হয়। কিন্তু কোনো প্রকল্পের কাজ না করে গমগুলো আত্মসাতের অভিযোগ ওঠে। এ অবস্থায় ইউএনও রুহুল আমিন সংশ্লিষ্ট প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য উপজেলা মাঠ-তত্ত্বাবধায়ক সোহেল রানাকে দায়িত্ব দেন। তিনি প্রকল্প এলাকা ঘুরে গম আত্মসাতের সত্যতা পান।
এ পর্যায়ে ইউএনও প্রথম পর্যায়ে ছয়টি প্রকল্পের সভাপতিকে কাজগুলো তিন দিনের মধ্যে সমাপ্ত করতে গত ২০ জুলাই চিঠি পাঠান। প্রকল্পগুলো হলো, ডালাম্বা পশ্চিমপাড়া বেকার যুব সমবায় সমিতি উন্নয়ন, গোড়গ্রাম মডেল স্কুল উন্নয়ন, শিয়ালশন বেকার যুব সমবায় সমিতি উন্নয়ন, দুর্গাপুর রাস্তা সংস্কার, অন্তাহার রাস্তা উন্নয়ন ও কুসম্বি বেকার যুব সমবায় সমিতি উন্নয়ন।
চিঠিতে বলা হয়, তিন দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রকল্প সভাপতিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনো বেশির ভাগ প্রকল্পে কোনো কাজ হয়নি। কেউ কেউ দায়সারাভাবে কাজ করেন।
এ বিষয়ে ডালাম্বা পশ্চিমপাড়া বেকার যুব সমবায় সমিতির সভাপতি ও জাতীয় পার্টি-সমর্থক নিজাম উদ্দীন পাঁচ মেট্রিক টন গম পাওয়া কথা নিশ্চিত করেন। পাশাপাশি তিনি বলেন, ‘এসব হিসাব দিতে পারবেন এমপি (সাংসদ) সাহেব ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এন এইচ মিলন। তাঁদের সঙ্গে কথা বললেই সব জানতে পারবেন।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাহার আলী মণ্ডল জানান, প্রকল্প সভাপতিদের বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা কাজ করছেন না।
এন এইচ মিলন বলেন, ‘যাঁরা প্রকল্পের সভাপতি, তাঁরাই তাঁদের প্রকল্পের হিসাব দেবেন। এ ক্ষেত্রে আমার বা এমপি সাহেবের কোনো দায় নেই।’
এ বিষয়ে কথা বলতে স্থানীয় সাংসদ নুরুল ইসলাম তালুকদারের মুঠোফোনে গত মঙ্গলবার সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
ইউএনও রুহুল আমিন জানান, চিঠি দেওয়ার পরও বেশির ভাগ প্রকল্পের কাজ করা হয়নি। অচিরেই প্রকল্প সভাপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।