আদমদীঘিতে ভুয়া মেজরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় গতকাল বুধবার এক ভুয়া মেজরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ভুয়া মেজরের নাম আমিনুর রহমান (৩৪)। তিনি নওগাঁ সদরের দোগাছি গ্রামের বাসিন্দা।
এ ছাড়া সান্তাহার রেলস্টেশনে মাদক সেবনের দায়ে মোশারফ হোসেন (২৮) নামের এক যুবককে একই আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সান্তাহার জংশন স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনে নিজেকে মেজর দাবি করেন আমিনুর। এতে সন্দেহ হলে রেল পুলিশ চ্যালেঞ্জ করে। আমিনুর ভুয়া মেজর প্রমাণিত হন। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম রুহুল আমিন তাঁকে ওই কারাদণ্ড দেন। রংপুর এক্সপ্রেস ট্রেনে দায়িত্বরত বোনারপাড়া রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।