আদমদীঘিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার একটি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে এক তরুণ (২২) নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই তরুণ একই গ্রামে তাঁর খালার বাড়িতে থাকতেন। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার একটি গ্রামে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি যাওয়ার পথে মেয়েটিকে কৌশলে ওই তরুণ তাঁর খালার বাড়িতে নিয়ে যান। পরে খালাতো ভাই ও খালার যোগসাজশে ওই তরুণ মেয়েটিকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়ি ফিরে মা-বাবাকে এ ঘটনা জানায়। মেয়েটির বাবা পরদিন বুধবার আদমদীঘি থানায় ওই তরুণ, তাঁর খালা ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বগুড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ছাত্রীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। তবে ছাত্রীর ডাক্তারি পরীক্ষা গতকাল সম্পন্ন হয়নি। আগামীকাল শনিবার তা সম্পন্ন হবে। এদিকে গ্রেপ্তার তরুণকে জেলহাজতে পাঠানো হয়েছে।