আদমদীঘিতে হত্যার ঘটনায় একজন আটক
বগুড়ার আদমদীঘি উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধারের চার দিন পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গতকাল মঙ্গলবার এক ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত খায়রুল ইসলাম (৪২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর সোনারপাড়ার বাসিন্দা।
আদমদীঘি থানার উপপরিদর্শক দুলাল হোসেন জানান, ১৬ মে সকালে উপজেলার আমইল গ্রামের পাশে একটি খালের পাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়ার দুদিন পরও খালের পাড়ে লাশ উদ্ধারের স্থানে একটি মোটরসাইকেল পড়েছিল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই মোটরসাইকেলের ব্যাপারে অনুসন্ধান শুরু করে। গতকাল দুপুরে পুলিশ মোটরসাইকেলের মালিক খায়রুল ইসলামকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ চলছিল। তবে এখন পর্যন্ত অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।