আদাবরে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর আদাবর থানার রিং রোডে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হোটেলের রেজিস্ট্রারের তথ্য উল্লেখ করে ওসি বলেন, সেখানে ওই নারীর নাম বিউটি (২০) ও স্বামীর নাম মনির হোসেন লেখা রয়েছে। ঠিকানা উল্লেখ করা আছে বাগেরহাট।
ওসি জানান, গতকাল সন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই রিং রোডে অবস্থিত অনন্যা হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠেন বিউটি ও মনির। পরে সংবাদ পেয়ে রাত তিনটার দিকে ওই কক্ষের বাথরুম থেকে বিউটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই মনিরকে পাওয়া যাচ্ছে না।
ওসি শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।