আদালত চত্বর থেকে আসামি তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২
আদালতে হাজিরা দিতে আসা শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে মারধর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন গেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতকান্দি এলাকার তরিকুল ইসলাম ও পাবনার চাটমোহর উপজেলার দিয়ারপাড়া গ্রামের শোয়াইব হোসেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পাবনার আমিনপুর থানার ট্যাংবাড়ী গ্রামের শফিকুল ইসলাম একটি মামলায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে তিনি আদালত চত্বরে থাকা অবস্থায় সিরাজগঞ্জ আমলি আদালতে কর্মরত ইউসুফ আলী নামের এক ব্যক্তি তাঁকে আদালত ভবন থেকে টেনে বাইরে নিয়ে যান। সেখানে আগে থেকে থাকা আরও কয়েকজন একত্র হয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় স্থানীয় আইনজীবী ও লোকজন অটোরিকশা থেকে তাঁকে উদ্ধার করেন। এ সময় দুজনকে আটক করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।
ঘটনাস্থলে উপস্থিত শফিকুলের আইনজীবী লুৎফর রহমান বলেন, ‘শফিকুল ইসলাম, এনায়েত কবির, পিউস গমেজ, ইউসুফ আলীসহ আটজন মিলে সিরাজগঞ্জ পৌর শহরের কাজীপুর মোড় এলাকায় টিএস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। এটির মালিকানা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে এনামুল, পিউস ও ইউসুফ ওই প্রতিষ্ঠান থেকে শফিকুলকে বহিষ্কার করে তাঁর কাছে থাকা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র দাবি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।’
শফিকুল অভিযোগ করেন, ‘ইউসুফ আলী সিরাজগঞ্জ আমলি আদালতে চাকরি করায় ক্ষমতার দাপটে আমাকে ওই প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে বের করে দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার কাছে রয়েছে দাবি করে মিথ্যা মামলা করেছেন। মামলায় হাজিরা দিতে আসায় তাঁরা আমাকে মারধর করে তুলে নিয়ে গিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার জন্য চেষ্টা করেন।’ এ ঘটায় তিনি ইউসুফ আলীসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা করেছেন।