আদালত চত্বরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ
লক্ষ্মীপুরে আদালতের কর্মচারী ও আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। হামলার অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার সকালে আদালত চত্বরে এ ঘটনার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন।
জেলা জজ কোর্ট পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের ভাষ্য, জেলা আইনজীবী সমিতির সদস্যরা বেলা ১১টার দিকে জেলা জজ আদালত এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি জজ কোর্টের দ্বিতীয় তলায় পৌঁছালে আদালতের কর্মচারীরা তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীরা কর্মচারীদের ওপর হামলা চালান এবং কোর্টের তৃতীয় তলায় গিয়ে ভাঙচুর করেন। তাঁদের হামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির এমরান হোসেন, আবদুল মতিন, সোলায়মান হোসেন ও পেশকার আউয়ুব আলী আহত হন। পরে জজকোর্টে হামলা ও কর্মচারীদের মারধরের প্রতিবাদে কর্মচারীরাও আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন।
অন্যদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এইচ এম আবদুর নুরের ভাষ্য, সমিতির সদস্যরা আজ আদালত এলাকায় মিছিল বের করলে জজ কোর্টের কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালান। এতে আইনজীবী আশিকুর রহমান, জাকির হোসেন ও মোসাদ্দেক হোসেন আহত হন। কোর্টের কর্মচারীরা জজ কোর্টের জানালা-দরজাও ভাঙচুর করেছেন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া প্রথম আলোকে বলেন, আইনজীবীদের সঙ্গে জজ কোর্টের কর্মচারীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। জজ কোর্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।