আদালত থেকে আসামিকে ধরে নিয়ে গেল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে গতকাল রোববার এক ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ এ বিষয়টি অস্বীকার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহজাহান আলী। প্রচলিত আইনের আওতায় শাহজাহানের বিচারের দাবিতে গতকাল বেলা একটায় কুষ্টিয়া প্রেসক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শাহজাহানের স্ত্রী হামিদা বেগম।
হামিদা বেগম বলেন, শাহজাহান আলী এক অপহরণ মামলার আসামি। কয়েক সপ্তাহ আগে ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গতকাল বেলা ১১টার দিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য শাহজাহান কুষ্টিয়া আদালতে এক আইনজীবীর কাছে যান। এ সময় আইনজীবী ভবনের পাশ থেকে কুমারখালী থানার পুলিশ শাহজাহানকে ধরে নিয়ে যায়।
তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালতের ভেতর থেকে পুলিশ কাউকে ধরে নিয়ে গেছে এমন ঘটনা সত্য নয়।