আদালত থেকে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়েছেন এক আসামি। গতকাল সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামি মো. শাকিলের সন্ধান পায়নি পুলিশ।
আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. শাকিলকে গতকাল সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুর ১২টার দিকে তাঁকে আদালতের মহানগর হাজতখানা থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু দায়িত্বরত পুলিশ আসামি শাকিলকে হাজতখানায় না নিয়ে আদালতের বারান্দা ও চা-দোকানগুলোতে বসার সুযোগ করে দেয়। এ সময় পুলিশকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান শাকিল। পরে তাঁকে ধরতে অভিযানে নামে পুলিশ।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা শেষে পালিয়ে যায় আসামি শাকিল। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।’