আদালত থেকে পালালেন আসামি
শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে সামাদ মাদবর নামের মাদক মামলার এক আসামি পালিয়েছেন। তিনি শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ শৌলা গ্রামের আফসার মাদবরের ছেলে। আজ বুধবার কারাগার থেকে আদালতে হাজিরা দিতে এসে তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, সামাদ মাদবর শরীয়তপুর সদরের পালং মডেল থানার একটি মাদক মামলা ও একটি মারামারি মামলার আসামি। গত ২১ জুলাই তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বুধবার বেলা ১১টার দিকে আদালত পুলিশ তাঁকে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে। পরে দুপুর ১২টার দিকে সামাদ আদালত ভবন থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান।
শরীয়তপুর আদালত পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘ওই আসামিকে পাহারা দেওয়ার জন্য সাজেদুল ইসলাম ও ফজলুর রহমান নামে দুজন পুলিশ কনস্টেবল দায়িত্বে ছিলেন। তাঁদের দায়িত্বে অবহেলার কারণে ওই আসামি পালাতে পেরেছেন।’ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পলাতক আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।